ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরের দুটি মামলা মুলতবি করা হয়েছে।
দরবার হলে বিশেষ আদালত-১১ এ সকালে ঢাকা সেক্টর সদর দপ্তরের ৮৪ জন অভিযুক্ত সদস্যের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথমদিনে বাদিসহ দুজন সাক্ষ্য দিয়েছেন। এই মামলার ১১ জনের বিরুদ্ধে রোববার সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করে আদালত।
এছাড়া ১৩ রাইফেল ব্যাটালিয়নের স্থাপিত বিশেষ আদালত-৯ এ রেকর্ড উইং এর অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে প্রসিকিউটর চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন।
আদালত-১১ সোমবার সকাল ১০টা পর্যন্ত এবং আদালত-৯ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।
সেক্টর সদর দপ্তর
পিলখানার দরবার হলে সেক্টর সদর দপ্তরের অভিযুক্ত ৮৪ জন সদস্যের বিরুদ্ধে রোববার থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
পিলখানায় বিদ্রোহের ঘটনায় এই মামলাটিই প্রথম দায়ের ও বিচারকাজ শুরু হয়। গত বছরের ২৩ ফেব্র"য়ারি মামলাটি দায়ের করেন নায়েব সুবেদার শাহ আলম ভূইয়া। ওই বছরের ৪ অক্টোবর মামলার অভিযোগ গঠন করা হয়।
রোববার মামলার বিচারকাজের শুরুতে অভিযুক্তদের মধ্যে ১১ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করে আদালত।
পরে প্রসিকিউটর মেজর মো. তসলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই ১১ জনের বিরুদ্ধে এর আগে দরবার হল ত্যাগ, বিদ্রোহ দমনে নিষ্ক্রিয় থাকা ইত্যাদি অভিযোগ আনা হয়েছিলো। কিন্তু পরবর্তীতে বিভিন্ন সাক্ষ্যপ্রমাণে এদের বিরুদ্ধে কোত থেকে অস্ত্র লুণ্ঠন ও অস্ত্র বহনের প্রমাণ পাওয়া যায়। এ কারণে দুটি অভিযোগ নতুন করে তাদের বিরুদ্ধে আনা হয়েছে।
প্রথমদিন মামলার বাদি শাহ আলম ভূইয়া ১১ জন ও হাবিলদার আব্দুল মোতালেব ১৯ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন। এই ৩০ জন সাক্ষীদের জেরাও সম্পন্ন করেছেন।
এই মামলায় মোট ৪৪ জন সাক্ষী।
আদালতে সভাপতিত্ব করছেন ময়মনসিংহ সেক্টর কমান্ডার ইফতেখারউদ্দিন মাহমুদ।
রেকর্ড উইং
রেকর্ড উইং এর বিদ্রোহে অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে রোববার চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন মামলার প্রসিকিউটর ও সিনিয়র রেকর্ড অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. মিজানুর রহমান।
সকালে ১১১ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের একপর্যায়ে আবেগ্লাপুত হয়ে পড়েন মিজানুর রহমান।
যেসব উচ্ছৃঙ্খল সৈনিকদের কারণে অসংখ্য শিশু এতিম হয়েছে, যারা স্বামী হারিয়েছেন, সেইসব সৈনিকদের উপযুক্ত শাস্তি দাবি করেন তিনি।
প্রসিকিউটরের বক্তব্যের জবাবে কারো কোনো বক্তব্য রয়েছে কিনা জানতে চাইলে, বেশিরভাগ আসামি বক্তব্য দিতে চান। তাদের কয়েকজন নিজেকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, বাসায় অসুস্থ বাবা-মা-সন্তান রয়েছে, নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে সুবিচারের আবেদন করেন।
কয়েকজন অভিযুক্ত অভিযোগের বিবরণ, সাক্ষীদের বক্তব্যের অনুলিপি প্রদানের জন্যে আবেদন জানালে ফ্রেন্ড অব দি একিউজডের মাধ্যমে আবেদন করার নির্দেশ দেন আদালত। যেসব কাগজপত্র সরবরাহ করার নিয়ম রয়েছে, সেগুলো সরবরাহ করা হবে বলে আদালত আশ্বাস দেন।
প্রসিকিউটরের বক্তব্যের বিষয়ে রোববার ৫০ জন তাদের বক্তব্য আদালতে জমা দেন। বাকিদের সোমবারের মধ্যে লিখিত আবেদন জমা দিতে নির্দেশ দেন আদালত।
এই প্রক্রিয়া সম্পন্ন হবার পরেই রায়ের তারিখ নির্ধারণ করা হবে বলে আদালত সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ আদালতে সভাপতিত্ব করছেন ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল হাবিবুল করিম।
গত ২৫ অক্টোবর এই ১১১ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের পর আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।
গত ১২ ডিসেম্বর থেকে এ মামলায় সাক্ষ্যগ্রহণ ও জেরা শুরু হয়। এ পর্যন্ত মোট ৪৮ জন সাক্ষ্য দিয়েছেন। তিনজন সাফাই সাক্ষ্য দিয়েছেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। বিদ্রোহের বিচারে বিডিআর আইনে ইতিমধ্যে কয়েকটি মামলায় রায় হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/১৯০০ ঘ.
bdnews24