২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে বিএসএফ'র গুলি

ঢাকায় বিডিআর-বিএসএফ সম্মেলনের ২৪ ঘণ্টার মধ্যেই সাতক্ষীরা সীমান্তে গুলি চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 12:03 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

সাতক্ষীরা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় বিডিআর-বিএসএফ সম্মেলনের ২৪ ঘণ্টার মধ্যেই সাতক্ষীরা সীমান্তে গুলি চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীরা। মঙ্গলবার ভোরে দেবহাটা সীমান্তে গরু ব্যবসায়ীদের লক্ষ করে বিএসএফ সদস্যরা গুলি চালায় বলে বিডিআরের এক কর্মকর্তা জানিয়েছেন। তবে এতে কেউ হতাহত হয়নি। কোমরপুরের বিপরীতে ভারতের বাগুণ্ডি এলাকা থেকে ওই গুলি চালানো হয়। ৪১ রাইফেলস ব্যাটালিয়নের দেবহাটা বিওপির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার এজাজুল হক সাংবাদিকদের বলেন, ব্যবসায়ীরা গরু নিয়ে ইছামতি নদী পাড়ি দিয়ে বাংলাদেশে আসছিলো। ওই সময় বিএসএফ ৪৭ ব্যাটালিয়নের সোলাদানা ক্যাম্পের টহল দল তাদের লক্ষ করে ৫ রাউন্ড গুলি ছোড়ে। সোমবার শেষ হওয়া সীমান্ত সম্মেলনে বিডিআরের পক্ষ থেকে সীমান্তে গুলি চালিয়ে হত্যা বন্ধের জন্য বিএসএফের প্রতি আহ্বান জানানো হয়। বিএসএফ আশ্বাস দিয়েছে, তারা সীমান্তে গুলিবর্ষণ কমিয়ে আনবে। তবে সীমান্তে রাতে চলাচল বন্ধ রাখার জন্য তারা বাংলাদেশের প্রতি আহ্বান জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৮০০ ঘ.