ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যার দুই মামলা ঢাকার মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।
বুধবার মামলা দুইটির পলাতক আসামিদের অনুপস্থিতিতে বিচার শুরু সংক্রান্ত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার ও তাদের মালামাল ক্রোক সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল হয়। ফলে মামলা দুইটির নথিপত্র স্থানান্তর প্রক্রিয়া শুরু করেন ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার।
তিনি নথিপত্র ঢাকার মুখ্য মহানগর হাকিম একেএম এনামুল হকের কাছে পাঠিয়ে দেন মহানগর দায়রা জজ আদালতে মামলা দুইটি বদলির জন্য।
এনামুল হক এখনো মামলা দুইটি দায়রা জজ আদালতে স্থানান্তরের ব্যাপারে কোনো আদেশ দেননি।
৮৬ হাজার পৃষ্ঠার অভিযোগপত্র পড়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পর তা পাঠানো হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক রতন শেখ।
গত ১৩ জুলাই হত্যা এবং ২৭ জুলাই বিষ্ফোরক আইনে দুইটি পৃথক অভিযোগপত্র দাখিল হয়। আটশ আটজনকে আসামি করে এ দুইটি অভিযোগপত্র দাখিল করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ সুপার আবদুল কাহার আকন্দ।
গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিডিআর সদস্যদের বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।
এ ঘটনায় প্রথমে লালবাগ থানায় মামলা হয়। পরে মামলাটি নিউমার্কেট থানায় স্থানান্তর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২১৪৭ ঘ.
bdnews24