ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে।
বিডিআর সদরদপ্তরে এই সম্মেলন ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে ২২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম। ভারতীয় ২০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএসএফ মহাপরিচালক শ্রী রামন শ্রীবাস্তব।
বিএসএফ মহাপরিচালক নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধিদল বুধবার ঢাকা এসে পৌঁছাবে।
বাংলাদেশ প্রতিনিধিদলে বিডিআর এর উপ-মহাপরিচালক, পরিচালক (অপারেশনস ও প্রশিক্ষণ), সংশ্লিষ্ট সেক্টর কমান্ডার, বিডিআর সদরদপ্তরের স্টাফ অফিসার ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং যৌথ নদী কমিশনের কর্মকর্তারা রয়েছেন।
ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফ সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফ্রন্টিয়ার আইজি, সে দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন। এছাড়া বিএসএফ মহাপরিচালকের স্ত্রীও তাদের সঙ্গে বাংলাদেশ সফরে আসছেন।
বন্ধুপ্রতীম এই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারে এবারের সম্মেলনে আলোচনায় বেশ কয়েকটি বিষয় স্থান পাবে। এর মধ্যে রয়েছে- সীমান্তে বাংলাদেশীদের গুলি করে হত্যা বা আহত করা, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, বাংলাদেশী জমিতে জোরপূর্বক চাষাবাদের প্রচেষ্টা ও বাংলাদেশীদের অবৈধভাবে গ্রেপ্তার-অপহরণ, আন্তঃসীমান্ত মাদক চোরাচালান বন্ধ, সীমান্ত রেখার ১৫০ গজের মধ্যে যে কোনো ধরনের নির্মাণ-মেরামত কাজ না করা, দুষ্কৃতকারী-সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় ও তৎপরতা বন্ধে উদ্যোগ গ্রহণ।
আগামী ২৭ সেপ্টেম্বর জেআরডি (জয়েন্ট রেকর্ড অব ডিসকাশন্স) স্বাক্ষরের মধ্যদিয়ে সম্মেলন শেষ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/২০৩০ ঘ.
bdnews24