দিনাজপুর, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত নিয়ে বর্তমানে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম।
তিনি বলেন, "ভ্রাতৃপ্রতিম দু'দেশের মধ্যে সীমান্ত সম্পর্ক অটুট রয়েছে। সীমান্ত নিয়ে এখন আর কোনো সমস্যা নেই।"
বুধবার দুপুরে দিনাজপুরের হিলি স্থলবন্দরের জিরো পয়েন্টে দু'দেশের গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনায় বিডিআর প্রধান এ কথা বলেন।
তিনি আরো বলেন, "সমস্যা যেটুকু রয়েছে তা মাদক ও চোরাচালান নিয়ে। যা বিডিআর বা বিএসএফ'র একার পক্ষে নিরসন সম্ভব নয়। এক্ষেত্রে স্থানীয়ভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।"
ছোটখাটো সমস্যা নিরসন ও পারস্পারিক সম্পর্কের আরো উন্নয়নে আগামী ২২ সেপ্টেম্বর দু'দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক আলোচনায় বসবেন বলেও জানান রফিকুল ইসলাম।
বিডিআর মহাপরিচালক দুপুরে স্থলবন্দরের সিপি ক্যাম্প পরিদর্শন শেষে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে ভারতের হিলি বিএসএফ ক্যাম্পে যান।
হিলি চেকপোস্টের জিরোপয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (৫৭ বিএসএফ) ডিআইজি উমেশ নেয়াল তাকে স্বাগত জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস//পিডি/২১২৭ ঘ.
bdnews24