সাতক্ষীরা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বুধবার ভোরে সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে চার যুবককে আটক করেছে বিডিআর।
এরা হলেন- খুলনা জেলার নাকশা গ্রামের মোমিনুল ইসলাম (২৩), আবু বক্কর সিদ্দিক (২৮), সাঈদুর রহমান (২০) ও খোকন সরদার (২২)।
দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
বিডিআর ৪১ রাইফেল ব্যাটালিয়নের ভোমরা ফাঁড়ির সুবেদার আব্দুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে আটককৃতরা বিনা পাসপোর্টে সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় বিডিআরের টহলদল তাদেরকে আটক করে।
তিনি বলেন, মামলায় ওই চারজনকে অবৈধভাবে ভারতে পারাপারে সহায়তা করার জন্য সদর উপজেলার পাচানী গ্রামের আসাদ মিয়াকে আসামি করা হয়েছে। তবে আসাদ পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৮২৮ ঘ.
bdnews24