ঠাকুরগাঁও, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁও বিডিআর বিদ্রোহে অংশ নেয়ার দায়ে সাজা ভোগরত এক বিডিআর সদস্য সোমবার মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
সদর থানার ওসি গোপাল চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাবেক ল্যান্স নায়েক সেলিম মিয়া (৪০) নামের ওই বিডিআর সদস্য সোমবার সকাল সোয়া ১০টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর তিনি মারা যান।
ঠাকুরগাঁও ব্যাটালিয়নে কর্মরত ডা. মেজর মুনির জানান, সেলিম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। দুপুরে ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলামের নেতৃত্বে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
সেলিম মিয়া মৌলবীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বিরাহিমপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
কারা কর্তৃপক্ষ জানান, সেলিম মিয়ার পরিবারকে খবর দেয়া হয়েছে।
ঠাকুরগাঁও বিডিআর ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহে অংশ নেয়ার দায়ে সেলিম মিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
গত ১২ এপ্রিল ঠাকুরগাঁও বিডিআর ক্যাম্পে স্থাপিত বিশেষ আদালত-২ এর ৩ সদস্যের বিচারক প্যানেলের সভাপতি বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম ৫১ জন অভিযুক্ত বিডিআর সদস্যে ৫০ জনকে বিদ্রোহের দায়ে অভিযুক্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০৩৮ ঘ.
bdnews24