২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ মামলার বাদিকে জেরা সম্পন্ন

পিলখানার বিদ্রোহের ঘটনায় দায়ের এক মামলার বাদিকে আসামিদের জেরা শেষে মামলার দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2010, 08:40 AM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার বিদ্রোহের ঘটনায় দায়ের এক মামলার বাদিকে আসামিদের জেরা শেষে মামলার দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। পিলখানায় বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৫ এ সকাল ৯টা ৪০ মিনিট থেকে শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। বাদীসহ দুজনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্যে ৫ অক্টোবর সকাল ১০টা সময় নির্ধারণ করেছেন আদালত। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম আদালতের নেতৃত্ব দিচ্ছেন। পিলখানার বিদ্রোহে 'জড়িত' ২৪ রাইফেল এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৮ জনের বিরুদ্ধে মামলা দায়েরকারী সুবেদার মো. মতিউর রহমানকে এ জেরা করেন মামলার আসামিরা। মামলার এক নম্বর সাক্ষীও তিনি। আদালতের কার্যক্রম বেলা ১১টা ৪০ মিনিটে আধা ঘণ্টার জন্য মুলতবি ঘোষণা করা হয়। মুলতবির পর দ্বিতীয় সাক্ষী হিসেবে বক্তব্য দেওয়া শুরু করেন বিদ্রোহের সময় পিলখানায় আটকা পড়া মেজর জাহিদী। এর আগে গত শনিবার ভিডিওচিত্র ও স্থিরচিত্রের মাধ্যমে মামলার বাদি এক নম্বর সাক্ষী হিসেবে ৩৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করেন। রোববার ওই ৩৩ আসামির কয়েকজনসহ মোট ১৫০ জন তাকে জেরা করেন। এরপর সোমবার সকাল ৯টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়। সোমবার ৩৩ জনের বাকি আসামীরা বাদিকে জিজ্ঞাসাবাদ করেন। আদালত বাকিদের কারও কোন প্রশ্ন আছে কিনা জানতে চাইলে চারজন সৈনিক বাদীকে জেরা করেন। বাকিদের জেরা গ্রহণ সম্পন্ন হয়েছে বলে আদালত নথিভুক্ত করে নেয়। বিদ্রোহের এ মামলায় গত ২৬ জুন ৬৬৭ বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মাঝে একজন মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। গত বছর ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে বিডিআর-এ নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। পরদিন সিলেট, ফেনী, সাতক্ষীরা, রাঙামাটি, ঠাকুরগাঁও, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরে বেশ কিছু জওয়ান বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। মতিউর রহমান ২৪ রাইফেল ও সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৮ জনকে আসামি করে ৩১ মার্চ বিদ্রোহের এ মামলা করেন। বিডিআর বিদ্রোহের বিচারে গত বছর ১৫ নভেম্বর সরকার ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। এসব আদালতে প্রায় সাড়ে ছয় হাজার বিডিআর সদস্যের বিচার হচ্ছে। এর মধ্যে রাঙামাটি, ফেনী, সাতক্ষীরা, পঞ্চগড়, ঠাকুগাঁওয়ে ও সুনামগঞ্জে বেশ কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। পিলখানায় বিদ্রোহের সময় সংঘটিত হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে প্রচলতি আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কিউএইচ/এজে/কেএমএস/১২৩৮ ঘ.