২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ: পরবর্তী সাক্ষ্য ৫ অক্টোবর

পিলখানার বিদ্রোহের দুই দিনের ঘটনার বিবরণ দিয়ে আদালতে সাক্ষ্য দিলেন সে সময় পিলখানায় অবরুদ্ধ হয়ে থাকা মেজর জাহিদী হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2010, 07:48 AM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার বিদ্রোহের দুই দিনের ঘটনার বিবরণ দিয়ে আদালতে সাক্ষ্য দিলেন সে সময় পিলখানায় অবরুদ্ধ হয়ে থাকা মেজর জাহিদী হাসান। পিলখানার বিদ্রোহের ঘটনায় দায়ের এক মামলার দ্বিতীয় সাক্ষী হিসেবে সোমবার দুপর সোয়া ১২টায় আদালতে সাক্ষ্য দেন তিনি। এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে এ মামলার বাদিকে আসামিদের জেরা করা শেষ হয়। পিলখানায় বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৫ এ সকাল ৯টা ৪০ মিনিটে এ কার্যক্রম শুরু হয়। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম আদালতের নেতৃত্ব দিচ্ছেন। জাহিদী তার বিবরণে দরবার হলে বিশৃঙ্খলা শুরু হওয়া, তাকে ধরে নিয়ে সুবেদার মেজর মো. গোফরান মল্লিকের বাসায় ও পরে কোয়ার্টার গার্ডে আটকে রাখা এবং মুক্তি পাওয়ার ঘটনা তুলে ধরেন। বিদ্রোহের সময় বিডিআর সপ্তাহ উপলক্ষে ঢাকার পিলখানায় অবস্থান করছিলেন তৎকালীন ৪০ রাইফেলস ব্যাটালিয়নের ময়মনসিংহের ফুলবাড়ী কর্মকর্তা মেজর জাহিদী। বিদ্রোহ শুরু হলে ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় অবরুদ্ধ ছিলেন তিনি। ২৬ ফেব্র"য়ারি সেখান থেকে মুক্তি পেয়ে বেরিয়ে আসেন। বক্তব্য শেষে আসামি সুবেদার মেজর মো. গোফরান মল্লিক, সিপাহী বরুণ ও সিপাহি রমজান মিয়া তাকে জেরা করেন। আদালত এরপর ৫ অক্টোবর সকাল ১০টায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করে। এর আগে পিলখানার বিদ্রোহে 'জড়িত' ২৪ রাইফেল এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৮ জনের বিরুদ্ধে মামলা দায়েরকারী সুবেদার মো. মতিউর রহমানকে জেরা করেন মামলার আসামিরা। মামলার এক নম্বর সাক্ষীও তিনি। আদালতের কার্যক্রম বেলা ১১টা ৪০ মিনিটে আধা ঘণ্টার জন্য মুলতবি ঘোষণা করা হয়। গত শনিবার ভিডিওচিত্র ও স্থিরচিত্রের মাধ্যমে মামলার বাদি এক নম্বর সাক্ষী হিসেবে ৩৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করেন। রোববার ওই ৩৩ আসামিসহ মোট ১৫০ জন তাকে জেরা করেন। এরপর সোমবার সকাল ৯টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়। বিদ্রোহের এ মামলায় গত ২৬ জুন ৬৬৭ বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মাঝে একজন মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। গত বছর ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে বিডিআর-এ নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। পরদিন সিলেট, ফেনী, সাতক্ষীরা, রাঙামাটি, ঠাকুরগাঁও, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরে বেশ কিছু জওয়ান বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। মতিউর রহমান ২৪ রাইফেল ও সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৮ জনকে আসামি করে ৩১ মার্চ বিদ্রোহের এ মামলা করেন। বিডিআর বিদ্রোহের বিচারে গত বছর ১৫ নভেম্বর সরকার ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। এসব আদালতে প্রায় সাড়ে ছয় হাজার বিডিআর সদস্যের বিচার হচ্ছে। এর মধ্যে রাঙামাটি, ফেনী, সাতক্ষীরা, পঞ্চগড়, ঠাকুগাঁওয়ে ও সুনামগঞ্জে বেশ কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। পিলখানায় বিদ্রোহের সময় সংঘটিত হত্যা, লুটপাটসহ বিভিন্ন অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে প্রচলতি আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কিউএইচ/এজে/কেএমএস/১৩৪১ ঘ.