ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার বিদ্রোহের ঘটনায় দায়ের এক মামলার বাদিকে জেরা শুরু করেছে আসামিরা।
পিলখানা বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৫ এ রোববার সকাল সোয়া ৯টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়ে তা দুপুর দেড়টা পর্যন্ত চলে।
বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম সেমাবার সকাল ৯টা পর্যন্ত আদালত মুলতবি করেছেন।
পিলখানার বিদ্রোহে 'জড়িত' ২৪ রাইফেল এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৮ জনের বিরুদ্ধে মামলা দায়েরকারী সুবেদার মো. মতিউর রহমানকে জেরা করছে মামলার আসামিরা।
শনিবার ভিডিওচিত্র ও স্থিরচিত্রের মাধ্যমে তিনি ৩৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করেন। ৩৩ আসামির পাশাপাশি অন্য আসামিরাও বাদিকে জেরা করছে।
সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ এবং জেরা করার এ প্রক্রিয়া আগামী সোমবার পর্যন্ত চলবে বলে আদালত সূত্র জানিয়েছে।
বিদ্রোহের এ মামলায় এর আগে গত ২৬ জুন ৬৬৭ বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মাঝে একজন মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
গত বছর ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে বিডিআর-এ নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।
পরদিন সিলেট, ফেনী, সাতক্ষীরা, রাঙামাটি, ঠাকুরগাঁও, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরে বেশ কিছু জওয়ান বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
মতিউর রহমান ২৪ রাইফেল ও সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৮ জনকে আসামি করে ৩১ মার্চ বিদ্রোহের এ মামলা করেন।
বিডিআর বিদ্রোহের বিচারে গত বছর ১৫ নভেম্বর সরকার ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। এসব আদালতে প্রায় সাড়ে ছয় হাজার বিডিআর সদস্যের বিচার হচ্ছে।
এর মধ্যে রাঙামাটি, ফেনী, সাতক্ষীরা, পঞ্চগড়, ঠাকুগাঁওয়ে ও সুনামগঞ্জে বেশ কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
পিলখানায় বিদ্রোহের সময় সংঘটিত হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে প্রচলতি আইনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/এমআই/১৪০০ ঘ.
bdnews24