ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন শুরু হয়েছে। অভিযোগের বিবরণের সঙ্গে সঙ্গে সেই সময়কার স্থিরচিত্র, ভিডিওচিত্র পাঁচটি পর্দা ও সাতটি এলসিডি টিভিতে প্রদর্শিত হচ্ছে।
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শনিবার পিলখানা বিদ্রোহে 'জড়িত' ২৪ রাইফেলস ও সংযুক্ত ব্যাটালিয়নের ৬৬৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
ভোরে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে ২০টির বেশি গাড়িতে করে এসব বন্দিদের আদালতে নিয়ে আসা হয়।
সাক্ষ্যগ্রহণের জন্য পিলখানার দরবার হলে স্থাপিত বিডিআর বিশেষ আদালত- ৫ এ সকাল ৯টা ৪৫ মিনিটে আসামিদের উপস্থিতিতে আদালত বসে।
ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল আজিজ আহমেদ বলেন, "বিভিন্ন গণমাধ্যমের পাশাপাশি বিডিআরের গোপন ক্যামেরা, গোয়েন্দা সংস্থার কাছ থেকে এসব ছবি ও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে এগুলো সাক্ষ্য হিসাবে কাজ করবে।"
এসব ছবি ও প্রমাণ বিচার কার্যক্রমের অংশ হিসাবে অর্ন্তভুক্তির নির্দেশ দিয়েছে আদালত।
এসব স্থিরচিত্র ও ভিডিওতে গতবছরের ফেব্র"য়ারির ২৫ ও ২৬ তারিখে বিদ্রোহীদের বিভিন্ন কার্যক্রমই ফুটে উঠেছে।
ছবিতে দেখা যায়, বিদ্রোহী বিডিআর সদস্যদের কেউ গেটগুলোর কাছে দাঁড়িয়ে বতৃতা করছেন, কেউ রাইফেল হাতে গুলি ছুড়ছেন। গাড়িতে করে টহল দিতে দেখা যাচ্ছে অনেককে। অনেকে আবার মাথায় কাপড় বেঁধে বেসরকারি টেভিলিশনগুলোকে সাক্ষাতকার দিচ্ছে। এছাড়া বিডিআরের গোপন ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা যায়, সৈনিকদের অনেকে অস্ত্রগারের তালা ভেঙে লুট করছে, মারধর করছে, ঘরে ঘরে অফিসারদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
এসব ভিডিও চিত্রে আটক অফিসার ও পরিবারের সদস্যদের মুক্তির দৃশ্য, বিদ্রোহের পরে পিলখানার ঘরবাড়ির অবস্থা, লাশ উদ্ধারের দৃশ্য দেখানো হয়।
নিজের ছবি অস্বীকার
বক্তৃতারত অবস্থায় বিডিআরের ল্যান্স নায়েক ইকরামুল ইসলাম, সিপাহী আল মামুন জুয়েল ও ল্যান্সনায়েক মোজাম্মেল হকের ছবি দেখানো হয়। ছবিতে তাদের স্পষ্ট বোঝা গেলেও তিনজনই নিজেদের ছবি অস্বীকার করে।
দাঁড়িমুখে একজন এভাবে নিজের ছবি অস্বীকার করলে আদালত বিরক্ত হয়ে জানতে চান, দাঁড়ি রাখা সুন্নত আর মিথ্যা কথা বললে কি পরিমাণ গুনাহ্ হয়?
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে যাওয়া ১৪ জনের মধ্যে ছিলেন ২৪ রাইফেলস ব্যাটেলিয়নের সিপাহী মো: মনিরুজ্জামান। নিজের ছবি সনাক্ত করলেও তিনি দাবি করেন, এটি তার দরবার হলে দায়িত্ব পালনকালের ছবি।
অথচ এই দৃশ্যের ভিডিও চিত্রে দেখা যায় তিনি ডিএডি তৌহিদসহ অন্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আলোচনার উদ্দেশ্যে যাচ্ছেন।
মহাপরিচালকের বাসভবন থেকে স্বর্ণালঙ্কার ও টাকা চুরির অভিযোগে র্যাবের হাতে গ্রেপ্তার হন মো. জুয়েল মিয়া। র্যাব-৪ কার্যালয়ে জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করে টিভি চ্যানেলে বক্তব্য দেন। তিনিও তার সেই বক্তব্যের কথা অস্বীকার করেন।
বিডিআরের একজন কর্মকর্তা জানান, দরবার হলে মোট পাঁচটি প্রজেক্টর পর্দা ও সাতটি এলসিডি টিভি বসানো হয়েছে। এছাড়া বেশ কয়েকটি এলসিডি মনিটর রয়েছে।
দেশে এই প্রথম কোনো বিচার প্রক্রিয়ায় এ ধরনের ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি।
দরবার হলের একপাশে কয়েকজন বিডিআর সদস্যের নিয়োগ করা আইনজীবী বসে ছিলেন। তাদের সঙ্গে ছিলেন 'ফ্রেন্ডস অব দি একিউজড' হিসাবে বিডিআরের দুই কর্মকর্তা। এরা জিজ্ঞাসাবাদ বা জেরা করতে না পারলেও, অভিযুক্তদের প্রয়োজনীয় আইনগত সহায়তা দিতে পারবেন।
এদিন মামলার বাদী ও এক নম্বর সাক্ষী সুবেদার মো. মতিউর রহমান ভিডিওচিত্র ও স্থিরচিত্রের মাধ্যমে সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করেন।
রোববার তাকে জেরা করবেন মামলার আসামিরা।
মতিউর রহমান ২৪ রাইফেলস ও সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৮ জনকে আসামি করে ৩১ মার্চ বিদ্রোহের এ মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএএ/২০৩৮ ঘ.
bdnews24