ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর সদরদপ্তর পিলখানার বিদ্রোহে 'জড়িত' ২৪ রাইফেল ও সংযুক্ত ব্যাটালিয়নের ৬৬৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শনিবার শুরু হয়েছে।
এদিন মামলার বাদী ও এক নম্বর সাক্ষী সুবেদার মো. মতিউর রহমান ভিডিওচিত্র ও স্থিরচিত্রের মাধ্যমে সাক্ষ-প্রমাণ উপস্থাপন করেন। রোববার তাকে জেরা করবেন মামলার আসামিরা।
বিদ্রোহের এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৫ এ শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে সব আসামির উপস্থিতিতে আদালত বসে। এরপর বেলা ১১টার দিকে আধা ঘণ্টার জন্য আদালত মুলতবি ঘোষণা করা হয়। তারপর আবার আদালতের কার্যক্রম শুরু হয়।
দুপুর দেড়টার দিকে রোববার মামলার বাদী ও এক নম্বর সাক্ষীর জেরা করার সময় সকাল সাড়ে ৯টায় নির্ধারণ করে আদালত মুলতবি ঘোষণা করা হয়।
বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম আদালতের নেতৃত্ব দেন।
আদালতপ্রধানকে সহায়তায় আদালতসদস্য হিসেবে ছিলেন বিডিআর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল একেএম গোলাম রব্বানি এবং মেজর সাইদ হাসান তাপস। আসামিদের পক্ষে 'ফ্রেন্ড অব দ্য একিউজড' হিসেবে ছিলেন বিডিআরের মেজর পদমর্যাদার দুজন কর্মকর্তা এবং ১৯ জন বেসামরিক আইনজীবী।
শনিবার মামলার অপর দুই সাক্ষী নায়েক মোতালেব ও সিপাহী ফজলুল হকেরও সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা থাকলেও হয়নি।
সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ এবং জেরা করার এ প্রক্রিয়া আগামী সোমবার পর্যন্ত চলবে বলে আদালত সূত্র জানিয়েছে।
বিদ্রোহের এ মামলায় এর আগে গত ২৬ জুন ৬৬৭ বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং শনিবার (৪ সেপ্টেম্বর) সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করে আদালত মুলতবি ঘোষণা করা হয়।
সেদিন আদালতে ৬৬৭ জনের স্বপক্ষের বক্তব্য শোনা হয় এবং এর মধ্যে ২৯ জন স্বপক্ষের বক্তব্য প্রদানকালে তাদের দোষ স্বীকার করেন।
অভিযোগ গঠনের পর ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল আজিজ আহমেদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, দোষ স্বীকারকারী ২৯ জন আসামিকে বিচারে বিশেষ নমনীয়তা দেখানো হবে। এক্ষেত্রে তাদের সাজার পরিমাণ কমে যেতে পারে। তবে এদের কেউ সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকলে তার ব্যাপারে ভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।
কর্নেল আজিজ আহমেদ জানান, আগামী ৪ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণ শুরু হলেও দোষ স্বীকার করার জন্য আসামিরা সুযোগ পাবেন। বিচার চলাকালে আসামিদের এ সুযোগ দেয়া হবে।
দোষ স্বীকারকারী আসামিরা বলেন, ঘটনার দিন তারা দরবার হলের পেছনে বসে ছিলেন, গণ্ডগোল ও পরিস্থিতি খাপার দেখে তারা দরবার হল ত্যাগ করেন। পরে বিডিআর থেকে চলে যান। যেহেতু তারা দরবার হল ত্যাগ করেছেন এবং বিডিআরের ডিজি ও অফিসারদের প্রাণ রক্ষার্থে কোনো পদক্ষেপ নেননি তাই তারা নিজেদের অপরাধ স্বীকার করেন।
২৯ আসামি প্রত্যেকে একে একে নিজেদের দোষ স্বীকার করে কান্নায় ভেঙ্গে পড়েন এবং তাদের পরিবার পরিজনের দুরাবস্থার কথা উল্লেখ করে চাকরিতে বহাল থাকার জন্য অনুরোধ জানান।
এর আগে গত ২৩ জুন ৬৬৭ জনকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনানো শেষ হয়। বিচারক প্যানেলের সদস্যরা আসামিদের অভিযোগ পড়ে শোনান।
মতিউর রহমান ২৪ রাইফেল ও সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৮ জনকে আসামি করে বিদ্রোহের এ মামলা করেন।
গত ২০ জুন আদালতে সব আসামির উপস্থিতিতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিলো। মাঝে একজন মারা যাওয়ায় সেদিন ৬৬৭ জনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করে শুনানি হয়। একইদিন এক আবেদনে মৃত ওই বিডিআর সদস্যকে অভিযোগ থেকে অব্যাহতি দেয় আদালত।
এর আগে গত ১ এপ্রিল ৬৬৮ জন আসামির সবার উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানির জন্য ২০ জুন দিন ধার্য করেন বিডিআরের তৎকালীন মহাপরিচালক আদালতপ্রধান মেজর জেনারেল মইনুল ইসলাম।
গত বছর ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে বিডিআর-এ নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।
পরদিন সিলেট, ফেনী, সাতক্ষীরা, রাঙামাটি, ঠাকুরগাঁও, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরে বেশ কিছু জওয়ান বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
বিডিআর বিদ্রোহের বিচারে গত বছর ১৫ নভেম্বর সরকার ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। এসব আদালতে প্রায় সাড়ে ছয় হাজার বিডিআর সদস্যের বিচার হচ্ছে।
এর মধ্যে রাঙামাটি, ফেনী, সাতক্ষীরা, পঞ্চগড়, ঠাকুগাঁওয়ে ও সুনামগঞ্জে বেশ কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
পিলখানায় বিদ্রোহের সময় সংঘটিত হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে প্রচলতি আইনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/১৪০৫ ঘ.
bdnews24