২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ডার গার্ড বিল শিগগিরই সংসদে উত্থাপিত হচ্ছে

বাংলাদেশ রাইফেলস ব্যাটালিয়নের (বিডিআর) নাম পরিবর্তনসহ ভবিষ্যতে বিদ্রোহের ঘটনায় মৃত্যুদণ্ডের বিধান রেখে আগামী সংসদ অধিবেশনেই বিল উত্থাপন করতে যাচ্ছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 02:46 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ রাইফেলস ব্যাটালিয়নের (বিডিআর) নাম পরিবর্তনসহ ভবিষ্যতে বিদ্রোহের ঘটনায় মৃত্যুদণ্ডের বিধান রেখে আগামী সংসদ অধিবেশনেই বিল উত্থাপন করতে যাচ্ছে সরকার। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, আগামী ২০ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া নবম জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশনে বিলটি উত্থাপন করা হবে। বৃহস্পতিবার ডেপুটি স্পিকার শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংবিধানের ৭২ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে সংসদের ৬ষ্ঠ অধিবেশন আহবান করেছেন। রাষ্ট্রপতির কার্যালয় থেকে সংসদ সচিবালয়ে পাঠানো একটি চিঠিতে জানানো হয়, উদ্বোধনী দিনে সংসদের কার্যক্রম শুরু হবে বিকাল ৪টায়। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ৬০ দিন পর পর সংসদ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী সংসদ অধিবেশনে উত্থাপনের জন্য 'বর্ডার গার্ড বাংলাদেশ বিল-২০১০' সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে। সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিলটি ছাপানোর জন্য প্রেসে পাঠানো হয়েছে।" তিনি বলেন, "আপনি যে বিলের (বর্ডার গার্ড বিল) কথা বলছেন সেটিসহ সব নতুন বিল আগামী সংসদ অধিবেশনে উত্থাপন করা হবে এবং নিয়ম অনুযায়ী তা সংসদীয় স্থায়ী কমিটিগুলোর কাছে পাঠানো হবে।" 'বর্ডার গার্ড বাংলাদেশ বিল-২০১০' পাস হলে আধা সামরিক বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ রাইফেলস অর্ডার ১৯৭২ ও বাংলাদেশ রাইফেলস (বিশেষ ধারা) অধ্যাদেশ ১৯৭৬ বিলুপ্ত হবে। প্রস্তাবিত আইনে বিদ্রোহের সময় হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করা হয়েছে। এছাড়া বর্ডার গার্ড আইন বিরোধী কার্যক্রমের জন্য কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে। বিদ্যমান বিডিআর আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেবি/এইচএ/২০৪০ ঘ.