২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পলাতক বিডিআরদের হাজিরার বিজ্ঞপ্তি দাখিলের নির্দেশ

পিলখানা হত্যামামলায় পলাতক ২১ আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে তা আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2010, 09:57 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যামামলায় পলাতক ২১ আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে তা আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বুধবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পলাতকদেরকে গ্রেপ্তার করা যায়নি অথবা খোঁজ করে পাওয়া যায়নি মর্মে প্রতিবেদন দাখিল করে। এর পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার ২১ পলাতক বিডিআর সদস্যকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। একইসঙ্গে আগামী ২২ সেপ্টেম্বর আদালতে পত্রিকার কপি দাখিলের নির্দেশ দেন তিনি। সিআইডি এর আগে গত ১২ জুলাই হত্যামামলার অভিযোগপত্র দাখিল করে। এরপর ২৭ জুলাই পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিষ্ফোরক আইনে দায়ের মামলায় পৃথক অভিযোগপত্র দাখিল করে। গত বছরের ২৫ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হয়। পরদিন সিলেট, ফেনী, সাতক্ষীরা, রাঙামাটি, ঠাকুরগাঁও, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরে বেশ কিছু জওয়ান বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। পিলখানায় হত্যাকাণ্ড, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় প্রথমে লালবাগ থানায় মামলা হয়। পরে মামলাটি নিউমার্কেট থানায় স্থানান্তর করা হয়। বিস্ফোরকের ঘটনায় নিউমার্কেট থানায় পরে মামলাটি দায়ের করা হয়। বিদ্রোহের বিচার হচ্ছে বিডিআরের নিজস্ব আইনে। এজন্য গত বছর ১৫ নভেম্বর সরকার ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। এসব আদালতে প্রায় সাড়ে তিন হাজার বিডিআর সদস্যের বিচার হচ্ছে। এর মধ্যে ফেনী, সাতক্ষীরা, রাঙামাটি, পঞ্চগড়, ঠাকুগাঁওয়ে বেশ কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/১৫৪২ ঘ.