২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিপি মোশাররফ কাজলকে হুমকিদাতা গ্রেপ্তার

বিডিআর বিদ্রোহ ও পিলখানায় হত্যাকাণ্ডের বিচারে নিয়োজিত সরকারি কৌঁসুলিকে হুমকিদাতা গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2010, 04:13 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহ ও পিলখানায় হত্যাকাণ্ডের বিচারে নিয়োজিত সরকারি কৌঁসুলিকে হুমকিদাতা গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। বৃহস্পতিবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি কৌঁসুলি (পিপি) মোশাররফ হোসেন কাজলকে এসএমএসের মাধ্যমে হুমকিদাতা মোঃ সাইফুল ইসলামকে (২০) বুধবার রাতে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, র‌্যাব-১১ গত ১৮ অগাস্ট রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন কুলাসার বড় বাড়ী এলাকায় অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেপ্তার করে। পরে তাকে হাজারিবাগ থানা পুলিশকে হস্তান্তর করা হয়। একইসঙ্গে যে মোবাইল সিম ব্যবহার করে হুমকি দেওয়া হয়েছিল সেই সিম ও দুইটি মোবাইল উদ্ধার করা হয়েছে। মোশাররফ হোসেনকে এসএমএস করে হুমকি দেওয়ার কথা সাইফুল স্বীকার করেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সালাহউদ্দিন করিম। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজারীবাগ থানা পুলিশ তিন দিনের হেফাজতে নিয়েছে। সালাহউদ্দিন জানান, সাইফুল গাজীপুর টঙ্গির তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার আলীম দ্বিতীয় বর্ষের ছাত্র। নিজ জেলা কুমিল্লার একটি মসজিদে তারাবিহ নামাজ পড়ানোর জন্য রমজানের কয়েকদিন আগে টঙ্গি থেকে তিনি কুমিল্লা যায়। তিনি বিডিআর হত্যা মামলার অভিযোগপত্রের আসামি নায়েক আবুল বাশারের শ্যালক। এসআই জানান, কাজলকে হুমকি দেওয়ার বিষয়ে গত ১১ অগাস্ট থানায় একটি জিডি করা হয়। হুমকিতে ব্যবহৃত মোবাইল সিমটির অবস্থান কুমিল্লায় বলে পরে নিশ্চিত হয় র‌্যাব ও পুলিশ। তিনি জানান, যে সিম ব্যবহার করে এসএমএস করা হয় সেটি সাইফুল ফেনী থেকে বেনামে কেনেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২২০১ ঘ.