ঠাকুরগাঁও, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় সাজাভোগের পর ঠাকুরগাঁও ২০ রাইফেলস ব্যাটালিয়নের ১২ বিডিআর সদস্য বুধবার মুক্তি পেয়েছেন।
গত ১২ এপ্রিল বিশেষ আদালত-২ ঠাকুরগাঁওয়ের এই ব্যাটেলিয়নের ৫১ বিডিআর সদস্যকে বিদ্রোহের মামলায় বিভিন্ন মেয়াদে সাজা দেয়। একইসঙ্গে এদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়।
এদের মধ্যে ১২ জনকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার এরা মুক্তি পাওয়ার পর বাড়ি ফিরে গেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঠাকুরগাঁও কারাগারের কারারক্ষক (চলতি দায়িত্বে) ইসমাইল হোসেন।
তিনি জানান, মুক্তিপ্রাপ্ত বিডিআর সদস্যরা কারাগারের মসজিদে ফজরের নামাজ আদায় করে বাড়ি চলে গেছেন।
এরা হলেন- সিপাহী একাব্বর আলী, জিল্লুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, মো. হানিফ, শাহীন মাহমুদ, মোখসেদুল হক, মীর হোসেন, আবু হেনা মোস্তফা কামাল, মো. ইলিয়াস, রবিউল ইসলাম, বাবুল আক্তার ও ওয়াসিম আখতার।
গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিডিআর বিদ্রোহের ঘটনায় ওই বাহিনীতে কর্মরত ৫৭ কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।
পরদিন দেশের বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নে কিছু বিডিআর সদস্য বিদ্রোহে একাত্মতা প্রকাশ করে।
বিদ্রোহের ঘটনায় দেশের বিভিন্ন থানায় রাষ্ট্রদ্রোহের মামলা হয়। গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের।
তাদের বিচার করার জন্য ওই বছরের ১৫ নভেম্বর সরকার ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। এসব আদালতে প্রায় সাড়ে তিন হাজার বিডিআর সদস্যের বিচার চলছে।
এর মধ্যে ঠাকুরগাঁও, পঞ্চগড়, ফেনী, রাঙামাটি, সাতক্ষীরা ও সুনামগঞ্জের অভিযুক্ত বিডিআর সদস্যদের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
বিদ্রোহের সময় হত্যা, লুটপাট, ধর্ষণের বিচার হচ্ছে প্রচলিত আইনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৬ ঘ.
bdnews24