ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহে 'জড়িত' বিডিআর সদর দপ্তরের পরিদপ্তরসমূহ, রেকর্ডিং এবং রাইফেলস স্পোর্টস বোর্ড (আরএসবি) এর সদস্যদের বিচার কাজ বুধবার শুরু হয়েছে।
পিলখানায় স্থাপিত বিশেষ আদালত ৬ এ বুধবার দুপুর ১২টায় তাদের বিচার কাজ শুরু হয়।
নায়েব সুবেদার সহকারি মো. সোলাইমান পাটোয়ারি ১১১ জন বিদ্রোহীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন।
সোলাইমান পাটোয়ারি বলেন, ১১১ জন বিডিআর সদস্য সরাসরি বিদ্রোহের পরিকল্পনায় অংশগ্রহণ, মদদদান, উস্কানিমূলক বক্তব্য প্রদান, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্যসহ নানাবিধ অপরাধ করেন।
এদের মধ্যে ৪১ জন আগেই্ গ্রেপ্তার হয়ে কারাগারে ছিল।
বাকি ৭০ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
১০ আগস্ট দুপুর ১২টায় মামলার পরবর্তী তারিখ ঘোষণা করে দুপুর ২টায় আদালত মূলতবি ঘোষণা করা হয়।
আদালতের প্রধান হিসেবে ছিলেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম।
মামলার প্রসিকিউটর হিসেবে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল ইসলাম।
লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, অভিযুক্তরা তাদের উইংয়ের একজন লেফটেন্যান্ট, একজন মেজর, একজন ডিএডিসহ বিবিধ হত্যাকাণ্ড, লুটতরাজ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। তবে প্রচলিত আইনে এদের বিচার হবে বলে এ মামলায় এগুলো উল্লেখ করা হয়নি।
গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরের ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন।
এরপর বিডিআর আইনে বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে সরকার ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে।
বিদ্রোহের মামলায় ইতিমধ্যে ফেনী, সাতক্ষীরা, রাঙামাটি, পঞ্চগড়, ঠাকুগাঁও ও সুনামগঞ্জে রায় হয়েছে। এতে কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় সংঘটিত হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার ইতিমধ্যেই প্রচলতি আইনে শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/এমইউএস/কেমএএস/১৬০২ ঘ.
bdnews24