২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ: ৪৪৮ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ

বিদ্রোহে 'জড়িত' বিডিআর সদরদপ্তরের পরিদপ্তরসমূহ, রাইফেলস স্পোর্টস বোর্ড (আরএসবি) এবং রেকর্ড উইংয়ের ৪৪৮ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছে বিশেষ আদালত। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2010, 08:04 AM

Updated : 25 Aug 2022, 05:34 PM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহে 'জড়িত' বিডিআর সদরদপ্তরের পরিদপ্তরসমূহ, রাইফেলস স্পোর্টস বোর্ড (আরএসবি) এবং রেকর্ড উইংয়ের ৪৪৮ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছে বিশেষ আদালত। এর মধ্য দিয়ে পিলখানার বিভিন্ন ব্যাটালিয়ন ও ইউনিটে বিদ্রাহে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হল। বুধবার অভিযোগ গ্রহণের উপর দুই দফা শুনানি শেষে ১০ আগস্ট আসামিদের আদালতে হাজির করার আদেশ দেওয়া হয়। সকালে প্রথম দফায় পরিদপ্তরসমুহ ও আরএসবি বিডিআর সদস্যদের বিরুদ্ধে অভিযোগের শুনানি শুরু হয়। সকাল ১০টা ৪০ মিনিটে পিলখানা দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৬ অভিযোগ উত্থাপন করেন নায়েব সুবেদার সহকারী মো. খোরশেদ আলম। পরিদপ্তগুলোর মধ্যে রয়েছে মহাপরিচালকের সচিবালয়, উপ মহাপরিচালকের অফিস, অপারেশন ও প্রশিক্ষণ পরিদপ্তর, প্রশাসনিক পরিদপ্তর, যোগাযোগ পরিদপ্তর ও চিকিৎসা পরিদপ্তর ও সংযুক্ত বিভিন্ন ইউনিট। এদের মধ্যে ২০২ জন ইতিমধ্যেই নিউ মার্কেটে দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে। পিলখানায় কর্মরত বাকি ১৩৫ জনকেও গ্রেপ্তার করার আদেশ দিয়েছে আদলত। বাদী মো. খোরশেদ আলম অভিযুক্তদের বিরুদ্ধে বিদ্রোহে অংশগ্রহণ, মদদ দেওয়া, বিদ্রোহের পরিকল্পনা, উস্কানিমূলক বক্তব্য দেওয়া, অফিসারদের হত্যা করায় সহযোগিতা, বিদ্রোহ নিয়ন্ত্রণে কোনো ভূমিকা না রাখা ইত্যাদি অভিযোগ আনেন। অভিযুক্তদের মধ্যে সিপাহী সালাউদ্দিন বিদ্রোহের সময় প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় অনুষ্ঠিত আলোচনায় অংশ নিয়েছিলেন। আদালতে মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মো. হাবিবুল করিম বলেন, এসব অভিযুক্তের অনেকের বিরুদ্ধে হত্যাকাণ্ড ও লুট করার অভিযোগ থাকলেও বিডিআর আইনে এগুলোর বিচারের সুযোগ নেই বলে এখানে সেগুলো উল্লেখ করা হয়নি। তাদের বিরুদ্ধে শুধু বিদ্রোহের অপরাধের অভিযোগ আনা হয়েছে। তিনি আদালতের কাছে আবেদন জানান, এরা নৃশংসভাবে অত্যন্ত যোগ্য কর্মকর্তাদের হত্যা করেছে, যা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নৃশংসতাকেও হার মানায়। তিনি এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার অনুরোধ জানান যাতে এমন ঘটনা আর না ঘটে। ১২টা ৪০ মিনিটে আদালত অভিযোগ গ্রহণ করে ১০ আগস্ট সকাল ১০টায় আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দেন। এছাড়া পিলখানায় পরিদপ্তর ও আরএসবিতে কর্মরত ১৩৫ জন বিডিআর সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোরও আদেশ দেওয়া হয়। আধাঘণ্টা বিরতির পরে দ্বিতীয়বার আদালত বসে। পরে দুপুর ১টা ১০ মিনিটে পিলখানার বিডিআর রেকর্ডিং উইংয়ের সদস্যদের বিরুদ্ধে অভিযোগের শুনানি শুরু হয়। রেকর্ডিং উইং এর ১১১ জন সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন নায়েব সুবেদার সহকারী মো. সোলায়মান পাটোয়ারী। বাদী আদালতকে জানান, পিলখানা বিদ্রোহের সময় তিনি দরবার হল ও পিলখানায় উপস্থিত ছিলেন। অভিযুক্তদের বিদ্রোহ ও নানা অপরাধমূলক তৎপরতা নিজে দেখেছেন। তিনি জানান, বিদ্রোহীরা মহাপরিচালকের নির্দেশ অমান্য করে দরবার হল ত্যাগ, অস্ত্র হাতে মহড়া, উস্কানিমূলক বক্তব্য প্রদানসহ সরাসরি বিদ্রোহে অংশগ্রহণ করেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র রেকর্ড অফিসার লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম। তিনি বলেন, এই বিদ্রোহীরা নিজেদের ইউনিটের তিনজন অফিসারকে হত্যা করেছে, যাদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া মো. নেয়ামতউল্লাহ, মেজর আব্দুস সালাম খান ও ডিএডি মাসুম খান। হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধে জড়িতদের বিচার প্রচলিত আদালতে হবে বিধায় এখানে শুধু বিদ্রোহের অভিযোগ আনা হয়েছে। তিনি এদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে আদালতের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করেন, যাতে কেউ কখনো আর বিদ্রোহের সাহস না করে। রেকর্ড উইংয়ের ৪১ জন সদস্য ইতোপূর্বে নিউমার্কেট থানার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। তাদের এই মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া পিলখানায় কর্মরত আরো ৭০ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। ১০ আগস্ট দুপুর ১২টায় অভিযুক্তদের আদালতে হাজির করার আদেশ দেওয়া হয়েছে। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম। আদালতের অপর সদস্যরা হলেন লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ নুরুল আলম ও মেজর মো. আলী মোসতাঈন খান। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো. ইরাজুল হক আকন্দ (সাগর)। গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। এরপর বিডিআর আইনে বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে সরকার ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। বিদ্রোহের মামলায় ইতিমধ্যে ফেনী, সাতক্ষীরা, রাঙামাটি, পঞ্চগড়, ঠাকুগাঁওয় ও সুনামগঞ্জে রায় হয়েছে। এতে কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় সংঘটিত হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার হচ্ছে প্রচলতি আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/কিউএইচ/কেএমএস/ডিডি/১৯২৪ ঘ.