ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহে 'জড়িত' বিডিআর সদর দপ্তরের পরিদপ্তরসমূহ, রেকর্ডিং এবং রাইফেলস স্পোর্টস বোর্ড (আরএসবি) এর সদস্যদের বিচার কাজ বুধবার শুরু হচ্ছে।
পিলখানায় স্থাপিত বিশেষ আদালত ৬ এ তাদের বিচার হবে। এজন্য সকাল ১০টায় আদালত বসার কথা রয়েছে।
আদালতপ্রধান হিসেবে থাকার কথা রয়েছে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলামের।
গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন।
এরপর বিডিআর আইনে বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে সরকার ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। বিডিআর আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড।
বিদ্রোহের মামলায় ইতিমধ্যে ফেনী, সাতক্ষীরা, রাঙামাটি, পঞ্চগড়, ঠাকুগাঁওয় ও সুনামগঞ্জে রায় হয়েছে। এতে কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় সংঘটিত হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার হচ্ছে প্রচলতি আইনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/০৯২৬ ঘ.
bdnews24