লালমনিরহাট, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের অভিযোগে লালমনিরহাটে ৩১ রাইফেলস ব্যাটালিয়নের ২৪ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে আগামী ৭ নভেম্বর।
মঙ্গলবার এ তারিখ ঘোষণা করে ৭ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেন আদালতের সভাপতি বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় আদালতের কার্যক্রম শুরু হয়।
আসামিদের উপস্থিতিতে গত বছরের ২৬ ফ্রেব্র"য়ারি লালমনিরহাট ৩১ রাইফেলস ব্যাটালিয়নে কি ঘটেছিল তার বর্ণনা দেন প্রসিকিউটর এবং ৩১ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আসলাম হোসেন।
এর আগে সকাল সাড়ে ৭টায় ২৪ বিডিআর সদস্যকে লালমনিরহাট জেলা কারাগার থেকে বিশেষ আদালতে আনা হয়।
আদালত চলার এক পর্যায়ে আসামি সিপাহী তারেকুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে সেখানেই তাকে চিকিৎসা দেওয়া হয়।
প্রসিকিউটরের বক্তব্য শেষ হওয়ার পর আদালতের সভাপতি বিডিআর মহাপরিচালক কারাগারে আসামিদের কোনো সমস্যা হলে কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে বিডিআরের ব্যাটালিয়ন প্রধানকে দরখাস্ত দেওয়ার জন্য বলেন। বিষয়টি নিশ্চিত করার জন্য প্রসিকিউটরকে নির্দেশ দেন তিনি।
এক ঘণ্টা পর সকাল সাড়ে ৯টায় আদালতের কার্যক্রম শেষ করা হলে আসামীদের পুলিশ ও র্যাবের কঠোর নিরাপত্তায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
আগামী ৭ নভেম্বর থেকে শুরু হওয়া বিচার কার্যক্রমে আসামিরা আত্মপক্ষ সমর্থনের জন্য সামরিক বা বেসামরিক আইন কর্মকর্তা নিয়োগ করতে পারবেন।
এছাড়াও কোন আসামি ভুল স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করলে আদালত তার প্রতি বিশেষ অনুকম্পা প্রদর্শন করবেন বলেও জানান বিডিআর মহাপরিচালক।
মেজর জেনারেল রফিকুল ইসলাম বলেন, এ আদালত সম্পূর্ণ নিরপেক্ষ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতীক।
বিচার প্যানেলে আরো ছিলেন- লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুর রহমান ও মেজর দিদার-আল-লতিফ।
অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গৌতম কুমার রায়।
গত বছরের ১১ মে লালমনিরহাট সদর ওসি রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা করেন। এ মামলায় ওইদিনই ১৫ বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়। বিদ্রোহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোমবার এই ব্যাটালিয়নের আরো ৯ বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়।
২৪ আসামী হলেন- হাবিলদার নিজাম, ল্যান্স নায়েক আসাদুল, আবুল কালাম, তছলুর, নায়েক সুবেদার ইউসুফ, জয়নাল, সিপাহী নাজমুল, আশরাফুল, নজরুল, হাবিব, মোহাম্মদ আলী, রোকন, প্রণয়ন, কমর, আবু সিদ্দিক, নায়েব সুবেদার সিরাজুল হক, হাবিলদার ছামেদুল ইসলাম, ল্যান্স নায়েক মতিউর রহমান, সিপাহী দিল মো. দুলাল, শাহাদাত হোসেন, মো. পারভেজ আলম, আমির হোসেন, মো. তারেকুল ইসলাম ও মো. আব্দুর রহমান।
গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ওই বাহিনীতে কর্মরত ৫৭ সেনাকর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।
পরদিন দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরে বেশ কিছু বিডিআর সদস্য এই বিদ্রোহে একাত্মতা প্রকাশ করেন।
বিদ্রোহের বিচারে ওই বছরের ১৫ নভেম্বর সরকার ঢাকা দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে।
এই আদালতে এ পর্যন্ত পঞ্চগড়, ঠাকুরগাঁও, রাঙামাটি, ফেনী ও সাতক্ষীরায় বেশ কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাতবছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
বিদ্রোহের সময় হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার হচ্ছে প্রচলিত আইনে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৪৫১ ঘ.
bdnews24