ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুধু কথিত দাবি-দাওয়া নিয়েই পিলখানায় বিদ্রোহ হয়েছে বলে জানিয়েছে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার মামলার অভিযোগপত্র জমা দেওয়া নিয়ে এক সংবাদ সম্মেলনে তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দ একথা জানান।
তিনি বলেন, "শুধু কথিত দাবি-দাওয়া নিয়েই এই ঘটনা ঘটেছে। এর বাইরে কোনো কিছু পাওয়া যায়নি। তবে যারা ঘটনা ঘটিয়েছে তারা পরিকল্পনা করেই ঘটিয়েছে। পরিকল্পনা ছিলো বিডিআর কর্মকর্তাদের জিম্মি করার। তবে প্রয়োজনে গুলি করারও সিদ্ধান্ত ছিলো তাদের।"
এক প্রশ্নের জবাবে তিনি জানান, এই ঘটনাটি হত্যা মামলা হিসেবে তদন্ত করা হয়েছে। রাজনৈতিক বিষয় নিয়ে কোনো তদন্ত করা হয়নি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিদ্রোহের প্রথম দিনই সবাইকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত দুই হাজার ৩০৭ জনের মধ্যে এক হাজার ৫০৪ জনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়নি। অভিযোগপত্রে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। তবে বিদ্রোহের মামলায় তারা আসামি হিসেবে আছেন।
হত্যা মামলায় গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩৯ জন বেসামরিক লোক রয়েছেন। এ মামলায় পলাতক রয়েছে ২১ জন। তারাসহ ৮২৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও ৫৬ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।
এরপর ২৮ ফেব্র"য়ারি লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে মামলাটি নিউমার্কেট থানায় স্থানান্তরিত হয়।
প্রায় ৫০০ দিন তদন্ত শেষে সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হকের আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মামলায় মন্ত্রী, সাংসদ, তিন বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক, সাংবাদিক, সেনা কর্মকর্তাসহ এক হাজার ২৮৫ জনকে সাক্ষী করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাক্ষী করা না হলেও তার জবানবন্দি সিআইডি রেকর্ড করে রেখেছে। মোট জবানবন্দি দিয়েছেন ৫৬৪ জন।
কাহহার আকন্দ জানান, মামলায় প্রাথমিকভাবে অভিযুক্ত ৮২৪ জনের প্রত্যেকের বিরুদ্ধেই হত্যায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে ২৩ জন ঘটনার পরিকল্পনায় জড়িত, যাদের কেউ কেউ বেসামরিক লোক।
অভিযুক্তদের মধ্যে মহিলা আছে কিনা
bdnews24