২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সদর ব্যাটালিয়নের ৭৩৫ 'বিদ্রোহীকে' হাজির করার নির্দেশ

পিলখানার বিদ্রোহে 'জড়িত' সদর রাইফেল ব্যাটালিয়নের ৭৩৫ জনকে সোমবার সকাল ১০টায় আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।(বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 07:57 AM

Updated : 25 Aug 2022, 01:43 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার বিদ্রোহে 'জড়িত' সদর রাইফেল ব্যাটালিয়নের ৭৩৫ জনকে সোমবার সকাল ১০টায় আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৬ এ রোববার সদর রাইফেল ব্যাটালিয়নের 'বিদ্রোহীদের' বিরুদ্ধে দায়ের মামলার বিচার কার্যক্রম শুরুর পর এ আদেশ দেওয়া হয়। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম আদালতের নেতৃত্ব দেন। পিলখানায় বিদ্রোহের ঘটনায় সদর ব্যাটালিয়নের ওই ৭৩৫ জনকে আসামি করে মামলা হয়েছে। বিদ্রোহের ঘটনায় এতো বেশি সংখ্যক বিডিআর সদস্যের বিরুদ্ধে আর কোনো মামলা হয়নি। আসামিদের অনুপস্থিতে রোববার সকাল সাড়ে ১০টার দিকে আদালত বসে। বেলা পৌনে ১২টার দিকে আধা ঘণ্টার জন্য আদালত মুলতবি করা হয়। এরপর পুনরায় আদালতের কার্যক্রম শুরু হয়। দুপুর ১টার দিকে আসামিদের হাজির করার আদেশ দিয়ে সোমবার সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়। আদালত সাময়িক সময়ের জন্য মুলতবি ঘোষণার আগে মামলার বাদী সুবেদার মুন্সী জাহাঙ্গীর আলম ৭৩৫ আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। এ মামলার আসামিদের মধ্যে ২৯৮ জন বিভিন্ন মামলায় কারাগারে আটক রয়েছেন। বাকি ৪৩৭ জন মুক্ত অবস্থায় ইউনিটে আছেন। আদালত তাদের সবাইকে বিদ্রোহের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার হাজির করতে বলেছে। রোববার আদালতপ্রধানকে সহায়তায় আদালতসদস্য হিসেবে বিডিআর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আলম পিএসসি ও মেজর মো. আলী মুসতাইন খান এবং অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী ইজারুল হক আকন্দ (সাগর) আদালতে উপস্থিত ছিলেন। আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন সদর রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. বদরুল আলম। এছাড়া স্পেশাল প্রসিকিউটর হিসেবে মোশারফ হোসেন কাজল এবং বেলায়েত হোসেন আদালতে উপস্থিত ছিলেন। মামলার বাদী সুবেদার জাহাঙ্গীর আলম অভিযোগ উত্থাপন করে বলেন, বিডিআরের সব আইন জানা সত্ত্বেও আসামিরা তৎকালীন ডিজির আদেশ ও নির্দেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করে অন্যান্য বিডিআর সদস্যদের সঙ্গে দরবার হল ত্যাগ করেন। আসামিরা দায়িত্ব পালন না করে সংঘঠিত বিদ্রোহ এবং বিদ্রোহ পূর্ব ষড়যন্ত্রকারী, অস্ত্রধারী ও নৈরাজ্য সৃষ্টিকারীদের সঙ্গে সরাসরি বিদ্রোহে অংশগ্রহণ করে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, অস্ত্র লুট ও লুটতরাজ চালায়। অভিযোগে আরো বলা হয়, আসামিরা অপরাধীদের অপরাধ কাজে বাধা না দিয়ে তাদের উক্ত কাজে সহযোগিতা করে এবং বিডিআর এ কর্মরত অফিসারদের দরবার হলে মৃত্যুর মুখে ঠেলে দেয়। অফিসার ও তাদের পরিবারের সদস্যদের রক্ষার জন্য এগিয়ে না এসে আসামিরা নিজেরাই বিদ্রোহ করে এবং বিদ্রোহে জড়িত অন্যান্যদের সহযোগিতা করে। এ ছাড়া ওই দিন তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অস্ত্র নেওয়া সম্পূর্ণ বেআইনী জেনেও অস্ত্র এবং গুলি সংগ্রহ করে পিলখানায় সংগঠিত বিভিন্ন বিদ্রোহী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। পিলখানায় স্থাপিত বিশেষ আদালত-৫ এ এর আগে বিদ্রোহে 'জড়িত' ২৪ রাইফেল ও সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের বিচার কাজ শুরু হয়। গত ২৬ জুন এ মামলায় ৬৬৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর ৪ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ ধার্য করা হয়। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। সে সময় রাজধানীর বাইরে কয়েকটি স্থানেও বিদ্রোহ হয়। এরপর বিডিআর আইনে বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে সরকার ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। পিলখানায় হত্যা ও অন্যান্য অপরাধের বিচার হবে প্রচলিত আদালতে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এসব অপরাধের তদন্ত করছে। বিদ্রোহের অভিযোগে সারাদেশে সাড়ে ছয় হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। বিডিআর আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। রাঙামাটিতে গত বছরের ২৪ নভেম্বর ১২ ব্যাটালিয়নের নয় জওয়ানের বিচারের মাধ্যমে বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া শুরু হয়। বিদ্রোহের ঘটনায় ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী, সাতক্ষীরা ও রাঙামাটিতে রায় হয়েছে। সর্বোচ্চ সাত বছর সাজাও হয়েছে বেশ কয়েকজনের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এজে/১৬০৫ ঘ.