২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সদর রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের বিচার শুরু

পিলখানার বিদ্রোহে 'জড়িত' সদর রাইফেল ব্যাটালিয়নের বিচার প্রক্রিয়া রোববার শুরু হয়েছে। বিদ্রোহের এ মামলার আসামি ৭৩৫ জন।(আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 05:07 AM

Updated : 25 Aug 2022, 01:43 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার বিদ্রোহে 'জড়িত' সদর রাইফেল ব্যাটালিয়নের বিচার প্রক্রিয়া রোববার শুরু হয়েছে। বিদ্রোহের এ মামলার আসামি ৭৩৫ জন। পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৬ এ মামলার বিচার কার্যক্রম চলছে। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম আদালতের নেতৃত্ব দিচ্ছেন। সকাল সাড়ে ১০টার দিকে বিচার কার্যক্রম শুরু হওয়ার পর বেলা পৌনে ১২টার দিকে আধা ঘণ্টার জন্য আদালত মুলতবি করা হয়। এর আগে আদালতে মামলার বাদী সুবেদার মেজর মুন্সী জাহাঙ্গীর আলম ৭৩৫ জন আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। এ মামলার আসামিদের মধ্যে ২৯৮ জন বিভিন্ন মামলায় কারাগারে আটক রয়েছেন। বাকি ৪৩৭ জন মুক্ত অবস্থায় ইউনিটে আছেন। এর আগে পিলখানায় স্থাপিত বিশেষ আদালত-৫ এ পিলখানার বিদ্রোহে 'জড়িত' ২৪ রাইফেল ও সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের বিচার কাজ শুরু হয়। গত ২৬ জুন এ মামলায় ৬৬৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর ৪ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ ধার্য করা হয়। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। সে সময় রাজধানীর বাইরে কয়েকটি স্থানেও বিদ্রোহ হয়। এরপর বিডিআর আইনে বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে সরকার ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। পিলখানায় হত্যা ও অন্যান্য অপরাধের বিচার হবে প্রচলিত আদালতে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এসব অপরাধের তদন্ত করছে। বিদ্রোহের অভিযোগে সারাদেশে সাড়ে ছয় হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। বিডিআর আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। রাঙামাটিতে গত বছরের ২৪ নভেম্বর ১২ ব্যাটালিয়নের নয় জওয়ানের বিচারের মাধ্যমে বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া শুরু হয়। বিদ্রোহের ঘটনায় ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী, সাতক্ষীরা ও রাঙামাটিতে রায় হয়েছে। সর্বোচ্চ সাত বছর সাজাও হয়েছে বেশ কয়েকজনের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এজে/১২১০ ঘ.