চট্টগ্রাম, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের সাতাকানিয়ার বাইতুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে বিদ্রোহের বিচার আগামী বছরের ৬ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে।
সাতকানিয়ায় ট্রেনিং সেন্টারে স্থাপিত বিশেষ আদালত-৪ এ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কার্যক্রম চলার পর এ আদেশ দেওয়া হয়। পূর্বের নির্দেশ মতো এদিন এ মামলার ১৫৩ জন আসামির সবাইকে আদালতে হাজির করা হয়।
এর আগে বুধবার একই আদালতে ওই ১৫৩ জন বিডিআর সদস্যের অনুপস্থিতিতে তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়। ট্রেনিং সেন্টারের নায়েক সুবেদার শরীফুল ইসলাম তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন।
বিডিআর আইনে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার আদালতের কার্যক্রম শেষে মামলার প্রসিকিউটর মেজর মুহিবুর রহমান সাংবাদিকদের জানান, সাতাকানিয়ার বাইতুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে বিদ্রোহের বিচার আগামী বছরের ৬ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে।
বিশেষ আদালত-৪ এর বিচারক প্যানেলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ রফিকুল ইসলাম।
বিচারক প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন- লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রউফ ও মেজর আ জ ম গোলাম মোস্তফা আল মামুন।
আদালতকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো. ইজারুল হক।
এছাড়া বিশেষ সরকারি কৌঁসুলি ছিলেন (পিপি) অ্যাডভোকেট শেখ বাহারুল ইসলাম ও অ্যাডভোকেট হাবীবুর রহমান।
গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় এই বাহিনীতে নিযুক্ত ৫৭ সেনাকর্মকর্তা নিহত হন। পরদিন বিদ্রোহের ঘটনার সঙ্গে একাত্মতা প্রকাশ করে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টার ও স্কুলের বিডিআর সদস্যরা।
এ ঘটনায় পুলিশের করা রাষ্ট্রদ্রোহের মামলায় ১০০ বিডিআর জওয়ানকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে একজন সদস্য চট্টগ্রাম কারাগারে অসুস্থ হয়ে মারা যান। বাকি ৯৯ জনের মধ্যে ৭৫ জন এবং নতুন করে ট্রেনিং সেন্টারের আরও ৭৮ জন সদস্যকে বিদ্রোহের মামলায় বিচারের মুখোমুখি করা হচ্ছে।
বিদ্রোহের ঘটনায় সরকার গত বছরের ১৫ নভেম্বর সরকার ঢাকা দুটিসহ ছয় বিশেষ আদালত গঠন করে।
এর মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, রাঙামাটি ও ফেনীতে বিদ্রোহ মামলার রায়ে বেশ কয়েকজন বিডিআর সদস্যকে সর্বোচ্চ সাতবছরসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
বিদ্রোহের সময় হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার হবে প্রচলিত আইনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/১৪১৩ ঘ.
bdnews24