২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে বিডিআর বিদ্রোহ মামলার রায় ২ আগস্ট

সুনামগঞ্জে ৮ রাইফেলস ব্যাটালিয়নে বিদ্রোহ মামলার রায় হবে আগামী ২ আগস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 09:57 AM

Updated : 25 Aug 2022, 01:02 PM

সিলেট, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জে ৮ রাইফেলস ব্যাটালিয়নে বিদ্রোহ মামলার রায় হবে আগামী ২ আগস্ট। বিদ্রোহের বিচারে গঠিত বিশেষ আদালত-৩ এর সভাপতি বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম মঙ্গলবার এ রায় দেওয়ার দিন ধার্য করেন। সিলেট বিডিআর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে সকালে ৮ রাইফেলস ব্যাটালিয়নের ১৪ বিডিআর সদস্যের উপস্থিতিতে বিশেষ আদালতে সাক্ষ্য ও যুক্তিতর্ক হয়। আদালত আগামী ২ আগষ্ট দুপুর ১২ টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। এর আগে সকাল ৮ টায় পুলিশ প্রহরায় অভিযুক্ত ১৪ জন বিডিআর সদস্যকে আদালতে হাজির করা হয়। মামলার প্রসিকিউটর ৮ রাইফেল ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মো. তাজুল ইসলাম ঠাকুর বলেন, "সাক্ষ্য ও যুক্তি শেষে আগামী ২ আগষ্ট রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছে।" সোমবার এই আদালতে ১৪ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযুক্তরা হচ্ছে- সুবেদার মেজর গৌরাঙ্গ চন্দ্র দাস, নায়েক সুবেদার আবুল হোসেন, হাবিলদার আব্দুল জলিল, বদিউল আলম, মো. মনিরুজ্জামান, নায়েক হারুন আর রশীদ, ল্যান্স নায়েক হীরু উল্লাহ খান, নায়েক সহকারী আব্দুল ওয়াহিদ, ল্যান্স নায়েক আব্দুর রহিম, বিপ্লব কুমার পন্ডিত, ওমর ফারুক, সিপাহী মনিরুজ্জামান শেখ, সুমন মারমা, তরিকুল ইসলাম। গত ২ এপ্রিল এ আদালতে ৮ রাইফেলস ব্যাটালিয়নের বিডিআর বিদ্রোহ মামলার বিচার কাজ শুরু হয়। গত বছর ২৫ ফেব্র"য়ারি রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে বিডিআর-এ নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন। পরদিন সিলেট, ফেনী, সাতক্ষীরা, রাঙামাটি, ঠাকুরগাঁও, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরে বেশ কিছু জওয়ান বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। বিডিআর বিদ্রোহের বিচারে গত বছর ১৫ নভেম্বর সরকার ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। এসব আদালতে প্রায় সাড়ে তিন হাজার বিডিআর সদস্যের বিচার হচ্ছে। এর মধ্যে ফেনী, সাতক্ষীরা, রাঙামাটি, পঞ্চগড়, ঠাকুগাঁওয়ে বেশ কয়েকজন বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১৫৫৪ ঘ.