ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর সদরদপ্তর পিলখানার বিদ্রোহে 'জড়িত' ২৪ রাইফেল ও সংযুক্ত ব্যাটালিয়নের ১১ জন তাদের দোষ স্বীকার করেছেন।
পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৫ এ শনিবার স্বপক্ষের বক্তব্য প্রদানকালে এই ১১ জন তাদের অপরাধ স্বীকার করেন।
শনিবার সকাল ৯টায় আদালতের কার্যক্রম শুরু হয়। আদালত ৬৬৭ জন আসামীর স্বপক্ষের বক্তব্য ও স্বাক্ষ্যগ্রহন করছে।
বিডিআরের নতুন মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম আদালতের নেতৃত্ব দিচ্ছেন।
একই আদালতে গত বুধবার পর্যন্ত এই ৬৬৭ জনকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনানো শেষ হয়। বিচারক প্যানেলের সদস্যরা আসামিদের অভিযোগ পড়ে শোনান। শুনানি শেষে শনিবার সকাল ৯টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়। শনিবার সকালে সব আসামির উপস্থিতিতে আদালতের কার্যক্রম শুরু হয়।
২৪ রাইফেল ও সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৮ জনকে আসামি করে সুবেদার মো. মতিউর রহমান বিদ্রোহের এ মামলা করেন।
গত ২০ জুন আদালতে সব আসামির উপস্থিতিতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিলো। মাঝে একজন মারা যাওয়ায় সেদিন ৬৬৭ জনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করে শুনানি হয়। একইদিন এক আবেদনে মৃত ওই বিডিআর সদস্যকে অভিযোগ থেকে অব্যাহতি দেয় আদালত।
আদালতপ্রধানকে সহায়তায় আদালতসদস্য হিসেবে বিডিআর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল একেএম গোলাম রাব্বানি এবং মেজর সাইদ হাসান তাপস আদালতে উপস্থিত আছেন। আসামিদের পক্ষে 'ফ্রেন্ড অব দ্য একিউজড' হিসেবে আছেন সেনাবাহিনীর মেজর পদমর্যাদার দুজন কর্মকর্তা এবং সাতজন আইনজীবী।
৭৪ আসামি দুই কর্মকর্তার কাছে 'ফ্রেন্ড অব দ্য একিউজড' হিসেবে আইনি সহায়তা চেয়েছেন। বাকিরা 'ফ্রেন্ড অব দ্য একিউজড' হিসেবে কারো সহায়তা চাননি।
গত ১ এপ্রিল ৬৬৮ জন আসামির সবার উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানির জন্য ২০ জুন দিন ধার্য করেন বিডিআরের তৎকালীন মহাপরিচালক আদালতপ্রধান মেজর জেনারেল মইনুল ইসলাম।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। সে সময় রাজধানীর বাইরে কয়েকটি স্থানেও বিদ্রোহ হয়। এরপর বিডিআর আইনে বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে সরকার ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে।
বিদ্রোহের অভিযোগে সারাদেশে সাড়ে ছয় হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। বিডিআর আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। পিলখানায় হত্যা ও অন্যান্য অপরাধের বিচার হবে প্রচলিত আদালতে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এসব অপরাধের তদন্ত করছে।
রাঙামাটিতে গত বছরের ২৪ নভেম্বর ১২ ব্যাটালিয়নের নয় জওয়ানের বিচারের মাধ্যমে বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া শুরু হয়। বিদ্রোহের ঘটনায় ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী, সাতক্ষীরা ও রাঙামাটিতে রায় হয়েছে। সর্বোচ্চ সাত বছর সাজাও হয়েছে বেশ কয়েকজনের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এজে/১২২৩ ঘ.
bdnews24