ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর সদরদপ্তর পিলখানার বিদ্রোহে 'জড়িত' ২৪ রাইফেল ব্যাটালিয়নের আরো ১৪৩ জনকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনানো হয়েছে।
এ নিয়ে মোট ১৮৩ জনকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনানো হলো।
২৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৬৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৫ এ সোমবার সকাল পৌনে ১১টার দিকে দ্বিতীয় দিনের মতো শুনানি শুরু হয়। এর আগে সকাল ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়।
মাঝে একবার কিছু সময়ের জন্য বিরতির পর বেলা আড়াইটা পর্যন্ত শুনানি শেষে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়।
রোববার প্রথম দিন ৪০ জনকে অভিযোগ পড়ে শোনানো হয়।
বিডিআরের নতুন মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম এ বিচার কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন।
প্রথম দিনের মতো সোমবারও ১৪জনকে ডান্ডাবেড়ি এবং বাকিদের হাতকড়া পরিয়ে আদালতে আনা হয়।
পিলখানার দরবার হলে এই বিশেষ আদালতে একাধিক এলসিডি মনিটর এবং প্রজেক্টরের দুটি বড় পর্দা লাগানো হয়েছে। সোমবার আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানোর সময় এলসিডি মনিটর এবং প্রজেক্টরের পর্দায় লেখা ভেসে উঠে। পিলখানার বিশেষ আদালতে এ ধরণের প্রযুক্তি ব্যবহার এই প্রথম।
রোববার ৪০ জনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হলেও আদালতে মনিটর এবং প্রজেক্টরের দুটি পর্দা থাকলেও তা ব্যবহার হয়নি।
আদালতের একটি সূত্র জানায়, শুনানির সময় কোনো আসামি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করলে প্রসিকিউটরের পক্ষ থেকে তা প্রমানের জন্য বিভিন্ন ভাবে সংগ্রহ করা ভিডিও ফুটেজ ও স্থীর চিত্র এলসিডি মনিটর এবং প্রজেক্টরের পর্দার মাধ্যমে দেখানো হবে।
২৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৬৮ জনকে আসামি করে সুবেদার মো. মতিউর রহমান বিদ্রোহের এ মামলা করেন।
রোববার আদালতে ৬৬৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিলো। একজন মারা যাওয়ায় সেদিন ৬৬৭ জনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করে শুনানি হয়।
বেলা ১১টার দিকে শুনানি শুরু হওয়ার পর মাঝে দুইবার কিছু সময়ের জন্য মুলতবি করা হয়। সবশেষে বিকাল সাড়ে ৪টার দিকে সোমবার সকাল ১০টা পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করা হয়।
সোমবার শুনানির পর বিডিআরের ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল আজিজ আহমেদ সাংবাদিকদের জানান, ১৯৯১ সালের ৩ ডিসেম্বর নওগাঁ ও ঢাকায় বিডিআরে বিদ্রোহের চেষ্টা হয়েছিলো। সেসময় কর্মকর্তাদের হত্যার হুমকি দেওয়া হয়েছিলো। তখনকার কেউ কেউ ২০০৯ সালের বিদ্রোহে নেতৃত্ব দিয়েছেন।
তদন্তের স্বার্থে তাদের নাম জানাতে অস্বীকৃতি জানান তিনি।
কর্নেল আজিজ বলেন, "আমি মনে করি, সে সময় বিষয়টি খুব কঠিনভাবে দেখা হলে ২০০৯ সালের বিদ্রোহ হতো না।"
শুনানিতে আদালত প্রধানকে সহায়তা করার জন্য আদালতের সদস্য হিসেবে বিডিআর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল একেএম গোলাম রাব্বানি এবং মেজর সাইদ হাসান তাপস উপস্থিত ছিলেন।
আদালতের নির্দেশে প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল শামসুল আলম আসামিদের বিরুদ্ধে একে একে সুনির্দিষ্টভাবে অভিযোগের বর্ণনা দিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন।
আসামিদের পক্ষে 'ফ্রেন্ড অব দ্য একিউজড' হিসেবে সেনাবাহিনীর মেজর পদমর্যাদার দুজন কর্মকর্তা এবং সাতজন আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।
রোববার আসামিদের প্রয়োজনীয় আইনগত সহায়তা দিতে বিডিআরে কর্মরত ওই দুই কর্মকর্তাকে নির্বাচন করা হয়। ৭৪ আসামি দুই কর্মকর্তার কাছে 'ফ্রেন্ড অব দ্য একিউজড' হিসেবে আইনি সহায়তা চেয়েছেন। বাকিরা 'ফ্রেন্ড অব দ্য একিউজড' হিসেবে কারো সহায়তা চাননি।
গত ১ এপ্রিল ৬৬৮ জন আসামির সবার উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানির জন্য ২০ জুন (রোববার) দিন ধার্য করেন বিডিআরের তৎকালীন মহাপরিচালক আদালতপ্রধান মেজর জেনারেল মইনুল ইসলাম।
সেদিন আসামিদের বিরুদ্ধে বিদ্রোহ ও বিদ্রোহে সহায়তার অভিযোগ সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়। আসামিদের মধ্যে অনেকে কারাগারে থাকায় তাদের চুল-দাড়ি-গোঁফ বাহিনীর নিয়মিত সদস্যদের চেয়ে বড় ছিলো।
বিষয়টি দৃষ্টিতে নিয়ে আদালতপ্রধান সব আসামিকে বিদ্রোহের আগে যে চেহারা ছিলো তা নিয়ে আদালতে হাজির করানোর জন্য প্রসিকিউটরকে নির্দেশ দেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। সে সময় রাজধানীর বাইরে কয়েকটি স্থানেও বিদ্রোহ হয়।
এরপর বিডিআর আইনে বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে সরকার ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে।
বিদ্রোহের অভিযোগে সারাদেশে সাড়ে ছয় হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। বিডিআর আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড।
পিলখানায় হত্যা, ধর্ষণ ও অন্যান্য অপরাধের বিচার হবে প্রচলিত আদালতে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) হত্যা, ধর্ষণসহ অন্যান্য অপরাধের তদন্ত করছে।
রাঙামাটিতে গত বছরের ২৪ নভেম্বর ১২ ব্যাটালিয়নের নয়জন জওয়ানের বিচারের মাধ্যমে বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া শুরু হয়। বিদ্রোহের ঘটনায় ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী, সাতক্ষীরা ও রাঙামাটিতে রায় হয়েছে। সর্বোচ্চ সাত বছর সাজাও হয়েছে বেশ কয়েকজনের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/কেএমএস/১৮০৫ ঘ.
bdnews24