ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর সদরদপ্তর পিলখানার বিদ্রোহে 'জড়িত' ২৪ রাইফেল্স ব্যাটালিয়নের ৬৬৭ সদস্যের মধ্যে ৪০ জনকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনানোর পর সোমবার পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে।
পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৫ এ রোববার ২৪ রাইফেল্স ব্যাটালিয়নের ৬৬৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিলো।
এজন্য সকাল ১০টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। একজন মারা যাওয়ায় ৬৬৭ জনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে শুনানি হয়।
১১টার দিকে শুনানি শুরু হওয়ার পর মাঝে দুইবার সাময়িক সময়ের জন্য শুনানি মুলতবি করা হয়। সবশেষে বিকাল সাড়ে ৪টার দিকে সোমবার সকাল ১০টা পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করা হয়।
শুনানি সম্পর্কে বিডিআরের ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল আজিজ আহমেদ সাংবাদিকদের বলেন, "এটা চলমান প্রক্রিয়া। আগামীকাল আবার শুনানি হবে।"
তিনি জানান, বাংলাদেশের ইতিহাসে এতো আসামির উপস্থিতিতে শুনানির ঘটনা এই প্রথম।।
কর্নেল আজিজ আরো বলেন, "অতিরিক্ত নিরাপত্তার জন্য আমরা ১৪ জনকে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে এনেছিলাম। এদের মধ্যে একজন সুবেদার গোফরান মল্লিক, যিনি বয়স্ক এবং বিদ্রোহের সময় এমন কোনো অপরাধ নেই যে করেননি।"
সকালে আদালত কার্যক্রম শুরু হওয়ার পর আদালত প্রধান হিসেবে বিডিআরের নতুন মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম শপথবাক্য পাঠ করেন। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দি তাকে শপথবাক্য পাঠ করান।
আদালত প্রধানকে সহায়তা প্রদানের জন্য আদালতের সদস্য হিসাবে বিডিআর কর্মকর্তা লে.কর্নেল একেএম গোলাম রাব্বানি এবং মেজর সাইদ হাসান তাপস উপস্থিত ছিলেন।
আদালতের নির্দেশে প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল শামসুল আলম আসামিদের বিরুদ্ধে একে একে সুনির্দিষ্টভাবে অভিযোগের বর্ণনা দিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন।
এর আগে ৬৬৮ জন আসামির মধ্যে নায়েক জয়নাল আবেদিন গত ১৪ মে মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার জন্য তিনি আবেদন জানান।
আদালত তাকে অব্যাহতি দেওয়ার আবেদন মঞ্জুর করেছে বলে জানান কর্নেল আজিজ।
লেফটেন্যান্ট কর্নেল শামসুল আলম আসামীদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে আদালতকে জানান, আসামীদের বিরুদ্ধে বিদ্রোহে অংশ গ্রহণ, অস্ত্র গোলাবারুদ লুট করে দখলে রাখা, অন্যকে বিদ্রোহে উস্কে দেওয়া, সংবাদ মাধ্যমে উ
bdnews24