২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৬৬৮ 'বিদ্রোহীর' অভিযোগ গঠনের শুনানি সাময়িক মুলতবি

বিডিআর সদরদপ্তর পিলখানার বিদ্রোহে 'জড়িত' ২৪ রাইফেল্স ব্যাটালিয়নের ৬৬৮ জন সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আধা ঘণ্টার জন্য মুলতবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2010, 06:29 AM

Updated : 25 Aug 2022, 12:32 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর সদরদপ্তর পিলখানার বিদ্রোহে 'জড়িত' ২৪ রাইফেল্স ব্যাটালিয়নের ৬৬৮ জন সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আধা ঘণ্টার জন্য মুলতবি করা হয়েছে। পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৫ এ রোববার সকাল ১১টার দিকে এ শুনানি শুরু হয়। আদালত কার্যক্রম চলার এক পর্যায়ে দুপুর ১২ টার দিকে শুনানি আধঘন্টার জন্য মুলতবি করা হয়। একজন মারা যাওয়ায় ৬৬৭ জনকে আদালতে হাজির করা হয়। তাদেও উপস্থিতিতে শুনানি চলে। আদালত কার্যক্রম শুরু হওয়ার পর আদালত প্রধান হিসেবে বিডিআর নতুন মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম শপথবাক্য পাঠ করেন। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি তাকে শপথবাক্য পাঠ করান। আদালতের নির্দেশে প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল শামসুল আলম আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগের বর্ণনা দিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন। এর আগে ৬৬৮ জন আসামির মধ্যে নায়েক জয়নাল আবেদিন মারা যাওয়া তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার জন্য তিনি আবেদন জানান। বেলা ১২টার দিকে আধা ঘণ্টার জন্য আদালত মুলতবি ঘোষণা করা হয়। আসামিদের পক্ষে 'ফ্রেন্ড অব দ্য একিউজড' হিসেবে সেনাবাহিনীর মেজর পদমর্যাদার দুজন কর্মকর্তা এবং কয়েকজন আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন। সকাল ১০টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। এরপর ৬৬৭ জনকে আদালতে হাজির করা হয়। এর আগের খবরে বলা হয়েছিলো সকাল ১০ টার দিকে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। গত ১ এপ্রিল ৬৬৮ জন আসামির সবার উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানির এ দিন ধার্য করেন বিডিআরের তৎকালীন মহাপরিচালক আদালত সভাপতি মেজর জেনারেল মইনুল ইসলাম। সেদিন ঢাকা সেক্টরের ২৪ রাইফেল্স ব্যাটালিয়নের অধিনায়ক প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল শামসুর রহমান আসামিদের বিরুদ্ধে বিদ্রোহ ও বিদ্রোহে সহায়তার অভিযোগ সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন । তিনি বলেন, "আসামিরা দরবার হল ত্যাগ না করলে মহাপরিচালকসহ অনেকের জীবন রক্ষা পেতো, বিদ্রোহ শুরুতেই দমানো যেতো।" কাঠগড়ায় উপস্থিত আসামিদের নাম উল্লেখ করে শামসুর রহমান বলেন, "এরাই অস্ত্র ভাণ্ডার লুট করেছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের লাঞ্ছিত করেছে, বৈঠক করে অন্যদের উস্কে দিয়েছে, সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়েছে, কুৎসা রটিয়েছে।" তিনি আদালতের কাছে মামলার সব আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের অনুরোধ জানান। আসামিদের মধ্যে অনেকে কারাগারে থাকায় তাদের চুল-দাড়ি-গোঁফ বাহিনীর নিয়মিত সদস্যদের চেয়ে বড় ছিলো। বিষয়টি দৃষ্টিতে নিয়ে বিডিআর মহাপরিচালক সব আসামিকে গত বছর বিদ্রোহের আগে যে চেহারা ছিলো তা নিয়ে আদালতে হাজির করানোর জন্য প্রসিকিউটরকে নির্দেশ দেন। তিনি বলেন, তাদের চুল ছোট থাকাসহ সব কিছু বিডিআরের নিয়মের মধ্যে থাকবে, কেননা তারা এখনো বিডিআরের সদস্য। তারা অর্ধমাসের বেতন পাচ্ছে। বিডিআর মহাপরিচালক আসামিদের উদ্দেশে বলেন, আদালতের ভেতরেই আপনাদের সব কর্মকাণ্ড ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো ক্রটি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে চার্জ গঠন করে সাজা দেওয়া হবে। বিদ্রোহের এ মামলার বাদি সুবেদার মো. মতিউর রহমান। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। সে সময় রাজধানীর বাইরে কয়েকটি স্থানেও বিদ্রোহ হয়। এরপর বিডিআর আইনে বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে সরকার ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। বিদ্রোহের অভিযোগে সারাদেশে সাড়ে ছয় হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। বিডিআর আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। পিলখানায় হত্যা, ধর্ষণ ও অন্যান্য অপরাধের বিচার হবে প্রচলিত আদালতে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) হত্যা, ধর্ষণসহ অন্যান্য অপরাধের তদন্ত করছে। রাঙামাটিতে গত বছরের ২৪ নভেম্বর ১২ ব্যাটালিয়নের নয়জন জওয়ানের বিচারের মাধ্যমে বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া শুরু হয়। বিদ্রোহের ঘটনায় ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী, সাতক্ষীরা ও রাঙামাটিতে রায় হয়েছে। সর্বোচ্চ সাত বছর সাজাও হয়েছে বেশ কয়েকজনের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/১২২৬ ঘ.