ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর সদরদপ্তর পিলখানার বিদ্রোহে 'জড়িত' ২৪ রাইফেল্স ব্যাটালিয়নের ৬৬৮ জন সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে।
পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৫ এ রোববার সকাল ১০টার দিকে তাদের উপস্থিতিতে এ শুনানি শুরু হয়। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম আদালতের নেতৃত্ব দিচ্ছেন।
এর আগে গত ১ এপ্রিল ৬৬৮ জন আসামির সবার উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানির এ দিন ধার্য করেন বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম।
সেদিন ঢাকা সেক্টরের ২৪ রাইফেল্স ব্যাটালিয়নের অধিনায়ক প্রসিকিউটার লেফটেন্যান্ট কর্নেল শামসুর রহমান আসামিদের বিরুদ্ধে বিদ্রোহ ও বিদ্রোহে সহায়তার অভিযোগ সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন ।
তিনি বলেন, "আসামিরা সেদিন দরবার হল ত্যাগ না করলে মহাপরিচালকসহ অনেকের জীবন রক্ষা পেতো, বিদ্রোহ শুরুতেই দমানো যেতো।"
কাঠগড়ায় উপস্থিত আসামিদের নাম উল্লেখ করে শামসুর রহমান বলেন, "এরাই অস্ত্র ভাণ্ডার লুট করেছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের লাঞ্ছিত করেছে, বৈঠক করে অন্যদের উস্কে দিয়েছে, সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়েছে, কুৎসা রটিয়েছে।"
তিনি আদালতের কাছে মামলার সব আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের অনুরোধ জানান।
আসামিদের মধ্যে অনেকে কারাগারে থাকায় তাদের চুল-দাড়ি-গোঁফ বাহিনীর নিয়মিত সদস্যদের চেয়ে বড় ছিলো।
বিষয়টি দৃষ্টিতে নিয়ে বিডিআর মহাপরিচালক সব আসামিকে গত বছর বিদ্রোহের আগে যে চেহারা ছিলো তা নিয়ে আদালতে হাজির করানোর জন্য প্রসিকিউটারকে নির্দেশ দেন।
তিনি বলেন, তাদের চুল ছোট থাকাসহ সব কিছু বিডিআরের নিয়মের মধ্যে থাকবে, কেননা তারা এখনো বিডিআরের সদস্য। তারা অর্ধমাসের বেতন পাচ্ছে।
বিডিআর মহাপরিচালক আসামিদের উদ্দেশে বলেন, আদালতের ভেতরেই আপনাদের সব কর্মকাণ্ড ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো ক্রটি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে চার্জ গঠন করে সাজা দেওয়া হবে।
বিডিআর আদালতে আসামিরা একজন আইনজীবী নিজ খরচে নিয়োগ দিতে পারবেন, যিনি পরামর্শ দিতে পারবেন কিন্তু সাক্ষীকে জেরা করতে পারবেন না। সাক্ষীদের জেরা একমাত্র আসামিই করতে পারবেন।
এছাড়া যে কোনো আসামি বিডিআরের একজন কর্মকর্তাকে 'ফ্রেন্ড অব একিউজড' হিসাবে নির্বাচিত করতে পারবেন, যার কাছে আইনি পরামর্শ নেওয়া যাবে বলে মহাপরিচালক জানান।
বিদ্রোহের এ মামলার বাদি সুবেদার মো. মতিউর রহমান।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। সে সময় রাজধানীর বাইরে কয়েকটি স্থানেও বিদ্রোহ হয়।
এরপর বিডিআর আইনে বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে সরকার ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে।
বিদ্রোহের অভিযোগে সারাদেশে সাড়ে ছয় হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। বিডিআর আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড।
পিলখানায় হত্যা, ধর্ষণ ও অন্যান্য অপরাধের বিচার হবে প্রচলিত আদালতে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) হত্যা, ধর্ষণসহ অন্যান্য অপরাধের তদন্ত করছে।
রাঙামাটিতে গত বছরের ২৪ নভেম্বর ১২ ব্যাটালিয়নের নয়জন জওয়ানের বিচারের মাধ্যমে বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া শুরু হয়। বিদ্রোহের ঘটনায় ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী, সাতক্ষীরা ও রাঙামাটিতে রায় হয়েছে। সর্বোচ্চ সাত বছর সাজাও হয়েছে বেশ কয়েকজনের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/১১১৯ ঘ.
bdnews24