২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা হত্যা: প্রতিবেদন দাখিল আবার পেছালো

পিলখানা হত্যামামলার তদন্ত প্রতিবেদন বুধবারও আদালতে দাখিল করতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2010, 05:39 AM

Updated : 25 Aug 2022, 10:41 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যামামলার তদন্ত প্রতিবেদন বুধবারও আদালতে দাখিল করতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এজন্য আগামী ৩০ জুন নতুন তারিখ ধার্য করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হক। বুধবার প্রতিবেদন দাখিলে ব্যর্থতার কারণে বিচারক এ নতুন তারিখ দেন। সংশ্লিষ্ট আদালতের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রতন শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বুধবার নিয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের অন্তত ১৩টি ধার্য তারিখ পার হলো। সিআইডি বিশেষ সুপার আবদুল কাহহার আকন্দ মামলাটির তদন্ত করছেন । দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের এ হত্যা মামলার অভিযোগপত্র দণ্ডবিধির ধারায়ই দাখিল করতে হবে। গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। এ ঘটনায় হত্যা, লুটপাট, আগুন লাগানোর অভিযোগে প্রথমে লালবাগ থানায় মামলা হয়। পরে মামলাটি নিউ মার্কেট থানায় স্থানান্তর হয়। এ মামলায় গত ২১ এপ্রিল পর্যন্ত প্রায় দুই হাজার ২৬৪ জন বিডিআর সদস্য এবং বিডিআর নন এমন ৩৪ জনকে গ্রেপ্তার করা ও গ্রেপ্তার দেখানো হয়। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় দুই হাজার ২৪০ জনকে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ৫৩৩ জন। এরপর বিডিআরের ৩৬ জন এবং বাইরের দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে নেওয়া আসামির সংখ্যা বেড়েছে ৪২ জন এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আরো ১০ জন। মামলায় বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টু এবং আওয়ামী লীগ নেতা তোরাব আলীকেও গ্রেপ্তার করা হয়। সদরদপ্তরে বিদ্রোহের পর দেশের কয়েকটি স্থানে কিছুকিছু বিডিআর সদস্য তাতে একাত্মতা প্রকাশ করে। পিলখানায় বিদ্রোহসহ এসব বিদ্রোহের মামলার বিচার চলছে বিডিআর আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/১৩৪৮ ঘ.