ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআরের নতুন মহাপরিচালক হিসাবে মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম রোববার দায়িত্ব গ্রহণ করেছেন।
তিনি মেজর জেনারেল মো. মইনুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।
সোমবার বিডিআরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিডিআরে যোগ দেওয়ার আগে রফিকুল ইসলাম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।
রফিকুল ইসলাম ১৯৮৭ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আর্মড ফোর্সেস কলেজ থেকে আর্মি স্টাফ কোর্স করেন।
তিনি ১৯৮১-৮২ সালে যুক্তরাজ্য থেকে অ্যাডভান্সড্ কমিউনিকেশন সিস্টেমে ডিপ্লোমা এবং ২০০৩ সালে ভারতের নয়াদিল্লীতে ন্যাশনাল ডিফেন্স কলেজের কোর্সে অংশ নেন। তিনি ১৯৯৩-৯৪ সালে মোজাম্বিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ডেপুটি রিজিয়ন কমান্ডারের দায়িত্ব পালন করেন।
মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম ১৯৭৬ সালের ৩০ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যাল কোরে কমিশন লাভ করেন।
গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহে ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ সেনাকর্মকর্তা নিহত হন।
সে বছরের ৪ মার্চ নতুন ডিজি হিসেবে দায়িত্ব নেন মেজর জেনারেল মো. মইনুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৯১৮ ঘ.
bdnews24