ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহে 'জড়িত' পিলখানার রাইফেল সিকিউরিটি ইউনিটের (আরএসইউ) বিডিআর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে আগামী ১৯ ডিসেম্বর।
১১৩ আসামির উপস্থিতিতে শনিবার বিডিআর সদর দপ্তরে দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৬ এ তারিখ ঠিক করেছে।
একই আদালত সকাল সোয়া ৯টা থেকে সোয়া ১১টা পর্যন্ত বিচার কাজে সিগন্যাল সেক্টরের ১৮৭ বিডিআর সদস্যের বিরুদ্ধে আগামী ৫ ডিসেম্বর অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করে।
সিগন্যাল সেক্টরের কার্যক্রম শেষ হওয়ার পর ১২টার দিকে বিডিআরপ্রধান মেজর জেনারেল মো. মইনুল ইসলামের সভাপতিত্বে ১টা পর্যন্ত আরএসইউ ইউনিটের বিদ্রোহের মামলার শুনানি চলে।
বাদি নায়েক সুবেদার মো. আব্দুল মতিন মিয়া আদালতে ২৪ পাতার লিখিত অভিযোগ পড়ে শোনান।
সিগনাল সেক্টর এবং আরএসইউ ইউনিটের প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম সরকার ও লেফটেন্যান্ট কর্নেল মো. আতিকুজ্জামান।
গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন।
এরপর বিডিআর আইনে বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে সরকার ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। বিডিআর আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড।
বিদ্রোহের ঘটনায় ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী, সাতক্ষীরা ও রাঙামাটিতে রায় হয়েছে।
পিলখানায় হত্যাকাণ্ড ও লুটপাটের বিচার হবে প্রচলিত আইনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেবি/এমআই/১৪৪০ ঘ.
bdnews24