ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহে 'জড়িত' পিলখানার সিগনাল সেক্টর এবং আরএসইউ ইউনিটের মোট ৩০০ সদস্যের বিচার শুরু হয়েছে।
বিডিআর প্রধান মেজর জেনারেল মো. মইনুল ইসলামের সভাপতিত্বে বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৬ এ বৃহস্পতিবার আলাদাভাবে তাদের বিচার শুরু হয়।
সিগন্যাল সেক্টরের মোট ১৮৭ জন এবং রাইফেল সিকিউরিটি ইউনিটের (আরএসইউ) ১১৩ জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়।
সিগন্যাল সেক্টরের নায়েক সুবেদার মো. নিয়ামত উল্লাহ খন্দকার তার সেক্টরের ১৮৭ জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে আগামী শনিবার সকাল ১০টায় তাদের হাজির করার আদেশ দেয়।
১৮৭ জনের মধ্যে ১০৭ জন পিলখানায় বিদ্রোহের হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার আছেন। বাকিরা পিলখানায় কর্তব্যরত ছিলেন। আদালত তাদেরও গ্রেপ্তারের আদেশ দিয়েছে।
সিগন্যাল সেক্টরের কার্যক্রম শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা পর সকাল সাড়ে ১১টার দিকে একই আদালতে আরএসইউ ইউনিটের সদস্যদের বিচার কার্যক্রম শুরু হয়। বাদি নায়েক সুবেদার মো. আব্দুল মতিন মিয়া ২৪ পাতার লিখিত অভিযোগ আদালতে পড়ে শোনান।
এ মামলায় ১১৩ জন আসামির মধ্যে ৫৭ জন পিলখানায় বিদ্রোহের হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার আছেন। কর্তব্যরত বাকি ৫৬ জনকেও গ্রেপ্তারের আদেশ দিয়ে শনিবার বেলা সোয়া ১২টায় সব আসামিকে হাজির করার আদেশ দেওয়া হয়েছে।
সিগনাল সেক্টর এবং আরএসইউ ইউনিটের প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেন যথাক্রমে লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম সরকার এবং লেফটেন্যান্ট কর্নেল মো. আতিকুজ্জামান।
গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন।
এরপর বিডিআর আইনে বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে সরকার ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। বিডিআর আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড।
বিদ্রোহের ঘটনায় ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী, সাতক্ষীরা ও রাঙামাটিতে রায় হয়েছে।
পিলখানায় হত্যাকাণ্ড ও লুটপাটের বিচার হবে প্রচলিত আইনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/কেএমএস/এমআই/১৬৪০ ঘ.
bdnews24