২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মারিশ্যায় বিদ্রোহের বিচার ৮ মাস মুলতবি

বিদ্রোহের মামলায় রাঙামাটির মারিশ্যা ৯ রাইফেলস ব্যাটালিয়নের ৭৫ জওয়ানের বিচার আগামী বছরের ১০ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2010, 08:37 AM

Updated : 24 Aug 2022, 09:09 PM

রাঙ্গামাটি, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় রাঙামাটির মারিশ্যা ৯ রাইফেলস ব্যাটালিয়নের ৭৫ জওয়ানের বিচার আগামী বছরের ১০ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছে আদালত। মঙ্গলবার সকালে বিডিআর বিশেষ আদালত-৪ এ দুজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। মামলায় মোট সাক্ষী ১০০ জন। এ পর্যন্ত ২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। গত ৩০ ডিসেম্বর মারিশ্যার বিদ্রোহীদের বিচার প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার মামলার ৮ম কার্যদিবসে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিচার কাজ চলে। অভিযুক্ত ৭৫ জনের মধ্যে ৩ জন সুবেদার, ৫ জন নায়েব সুবেদার, ১২ জন হাবিলদার, ৯ জন নায়েক, ১৪ জন ল্যান্স নায়েক এবং ৩২ জন সিপাহী। আদালতের বিশেষ কৌঁসুলী মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের জানান, দেশের বিভিন্ন স্থানে আরো মামলা থাকায় এ মামলার বিচারে সময় নেওয়া হয়েছে। বিশেষ আদালতে সভাপতিত্ব করেন বিডিআর'র বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। বিচারক প্যানেলের অন্য দুই সদস্য হলেন- লেফন্যান্ট কর্নেল আব্দুর রউফ ও মেজর গোলাম মোস্তফা আল মামুন। প্রসিকিউটরের দায়িত্ব পালন করছেন লেফটেন্যান্ট কর্নেল শামিমুর রহমান। আদালতকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী ও অ্যাডভোকেট মোশাররফ। আসামিদের সহায়তা করেন অ্যাডভোকেট এসএম আবদুর রউফ ও কাজী বশির আহমেদ। বিদ্রোহের আরেকটি মামলায় দু'দিন আগে একই আদালত জেলার রাজনগর ১২ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্ত নয়জনের সবাইকে দণ্ডাদেশ দেয়। এর আগে পঞ্চগড়, ঠাকুরগাঁও, সাতক্ষীরা ও ফেনীতে বিদ্রোহের মামলার রায় হয়েছে। রাজধানীর বিডিআর সদর দপ্তরে গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি জওয়ানদের বিদ্রোহে অর্ধশতাধিক সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। ওই সময় মারিষ্যাসহ রাজধানীর বাইরের কয়েকটি স্থানে বেশ কিছু জওয়ান বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। বিদ্রোহের অভিযোগে সারা দেশে প্রায় সাড়ে তিন হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হয়েছে। অপরাধ প্রমাণ হলে বিডিআর আইনের সর্বোচ্চ ১২ বছর কারাদণ্ডের বিধান রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/জেবি/এমআই/১৪৩০ ঘ.