রাঙামাটি, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় রাঙামাটির মারিশ্যা ৯ রাইফেলস ব্যাটালিয়নের ৭৫ জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে।
সোমবার বিডিআর বিশেষ আদালত-৪ এ অভিযুক্তদের বিরুদ্ধে ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়। এ নিয়ে মোট ৮৫ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য নেওয়া হলো।
বিদ্রোহের আরেকটি মামলায় আগেরদিন জেলার রাজনগর ১২ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্ত নয়জনের সবাকে দণ্ডাদেশ দিয়েছে একই আদালত।
এর আগে পঞ্চগড়, ঠাকুরগাঁও, সাতক্ষীরা ও ফেনীতে বিদ্রোহের মামলার রায় হয়েছে।
সোমবার সকাল ৯টায় রাঙামাটি বিডিআর সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৪ এর কাজ শুরু হয়। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের জেলা কারাগার থেকে আদালতে আনা হয়।
মামলার প্রসিকিউর লেফটেন্যান্ট কর্নেল শামিমুর রহমান সাংবাদিকদের জানান, ১২ সাক্ষীর মধ্যে একজন বিডিআরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। বাকিরা মারিশ্যা এলাকার ১১ প্রত্যক্ষদর্শী।
দুপুর ১টা পর্ষন্ত সাক্ষ্য নেওয়ার পর আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়।
অভিযুক্তদের মধ্যে ৩ জন সুবেদার, ৫ জন নায়েব সুবেদার, ১২ জন হাবিলদার, ৯ জন নায়েক, ১৪ জন ল্যান্স নায়েক এবং ৩২ জন সিপাহী রয়েছেন।
আদালতে সভাপতিত্ব করেন বিচারক প্যানেলের প্রধান বিডিআর'র বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম।
প্যানেলের অন্য দুই সদস্য হলেন- লেফন্যান্ট কর্নেল আব্দুর রউফ ও মেজর গোলাম মোস্তফা আল মামুন।
আদালতকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন বিশেষ কৌঁসুলি অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল।
আসামিদের সহায়তা করেন অ্যাডভোকেট এস এম আবদুর রউফ ও কাজী বশির আহমেদ।
রাজধানীর বিডিআর সদর দপ্তরে গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহে অর্ধশতাধিক সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। ওই সময় রাজধানীর বাইরেও কয়েকটি স্থানে বেশ কিছু জওয়ান বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
বিদ্রোহের বিচারে গত বছরের ১৫ নভেম্বর সরকার ঢাকায় দুটিসহ সারাদেশে ছয়টি বিশেষ আদালত গঠন করে।
গত ২৪ নভেম্বর রাজনগরের নয়জনের বিচারের মধ্য দিয়ে বিডিআর বিদ্রোহের বিচার শুরু হয়।
একই আদালতে ৩০ ডিসেম্বর শুরু হয় মারিশ্যার ৯ রাইফেলস ব্যাটালিয়নের ৭৫ জন জওয়ানের বিচার।
বিদ্রোহের বিচার বিডিআর আইনে হলেও পিলখানায় হত্যা, লুণ্ঠনের বিচার হবে প্রচলিত আইনে বিশেষ আদালতে।
বিদ্রোহের অভিযোগে সারা দেশে প্রায় সাড়ে তিন হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫০ ঘ.
bdnews24