২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে নয়জনের সাজা

রাঙামাটিতে বিদ্রোহের মামলায় নয় আসামির সবার সাজা হয়েছে। এদের মধ্যে সর্বোচ্চ সাত বছর সাজা হয়েছে একজনের। বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2010, 09:27 AM

Updated : 24 Aug 2022, 09:05 PM

রাঙামাটি, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাঙামাটিতে বিদ্রোহের মামলায় নয় আসামির সবার সাজা হয়েছে। এদের মধ্যে সর্বোচ্চ সাত বছর সাজা হয়েছে একজনের। বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। দণ্ডিতরা সবাই জেলার লংগদু এলাকার রাজনগরে অবস্থিত ১২ রাইফেলস ব্যাটালিয়নের সদস্য। এ নিয়ে বিদ্রোহের পঞ্চম মামলার রায় হলো। এর আগে পঞ্চগড়, ঠাকুরগাঁও, সাতক্ষীরা ও ফেনীতে বিদ্রোহের মামলার রায় হয়েছে। রোববার দুপুরে বিশেষ আদালত-৪ এর সভাপতি বিডিআর'র বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম রাজনগর ব্যাটালিয়নে বিদ্রোহের মামলার রায় দেন। সর্বোচ্চ সাত বছর সাজাপ্রাপ্ত আসামি হলেন- হাবিলদার মো. শামসুল হক। ছয় বছর সাজা দেওয়া হয়েছে তিনজনকে। এরা হলেন- হাবিলদার সোহরাব হোসেন ও শিব্বির আহমেদ, সিপাহী আবুল কালাম আজাদ। পাঁচ বছর কারাদণ্ড হয়েছে সিগন্যালম্যান মো. আব্দুর রহমানের। তিন বছর সাজা পেয়েছেন একজন। তিনি হলেন- সিপাহী রাসেল কবির। দুই বছর কারাদণ্ড হয়েছে তিনজনের। এরা হলেন- সিপাহী মো. সাখাওয়াত হোসেন, মো. জহির উদ্দিন ও মো. সরওয়ার কামাল। রায়ের পর মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল হাবিবুল করিম সাংবাদিকদের জানান, দণ্ডিতদের প্রত্যেককে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা রায়ের দিন থেকে বেসামরিক কারাগারে সাজাভোগ করবে। রাঙামাটির বিডিআর সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতের কাজ শুরু হয় দুপুর ২টা ২০ মিনিটে। ২৫ মিনিটের মধ্যে রায় ঘোষণার মধ্য দিয়ে বিচার কাজ শেষ হয়। এর আগে রাঙামাটি জেলা কারগার থেকে আসামিদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়। গত ১৬ ফেব্র"য়ারি অভিযুক্তদের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের পর ধার্য করা হয় রায়ের দিন। বিশেষ আদালত-৪ এ বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- বিডিআর কর্মরতা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আবদুর রউফ ও মেজর গোলাম মোস্তফা আল মামুন। আদালতকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী। রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি (পাবলিক প্রসিকিউটর) হিসেবে ছিলেন অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজল ও অ্যাডভোকেট মহিউদ্দীন দেওয়ান। রাজধানীর বিডিআর সদরদপ্তরে গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহে অর্ধশতাধিক সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। ওই সময় রাজধানীর বাইরেও কয়েকটি স্থানে বেশ কিছু জওয়ান বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। বিদ্রোহের বিচারে গত বছরের ১৫ নভেম্বর সরকার ঢাকায় দুটিসহ সারাদেশে ছয়টি বিশেষ আদালত গঠন করে। গত ২৪ নভেম্বর রাজনগরের নয়জনের বিচারের মধ্য দিয়ে বিডিআর বিদ্রোহের বিচার শুরু হয়। একই আদালতে রাঙামাটির মারিশ্যার ৯ রাইফেলস ব্যাটালিয়নের ৭৫ জন জওয়ানের বিচার চলছে। আগামীকাল সোমবার এ মামলার বিচার কাজ আবার শুরু হবে। গত ১৮ ফেব্র"য়ারি বিচার মুলতবি হওয়ার আগে মামলার সাক্ষ্যগ্রহণ চলছিল। এ মামলায় আসামীদের মধ্যে তিনজন সুবেদার, পাঁচজন নায়েব সুবেদার, ১২ জন হাবিলদার, নয়জন নায়েক, ১৪ জন ল্যান্স নায়েক ও ৩২ জন সিপাহী রয়েছেন। গত ৩০ ডিসেম্বর এ মামলার বিচার শুরু হয়। বিদ্রোহের বিচার বিডিআর আইনে হলেও পিলখানায় হত্যা, লুণ্ঠনের বিচার হবে প্রচলিত আইনে বিশেষ আদালতে। বিদ্রোহের অভিযোগে সারা দেশে প্রায় সাড়ে তিন হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২৫ ঘ.