রাঙামাটি, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির রাজনগর ১২ রাইফেলস ব্যাটালিয়নে বিদ্রোহ মামলার রায় হবে আজ রোববার।
বিদ্রোহের বিচারে গঠিত বিডিআরের বিশেষ আদালত-৪ বিকালে রায় দেবে।
এর আগে পঞ্চগড়, ঠাকুরগাঁও, সাতক্ষীরা ও ফেনীতে রায় হয়েছে।
রাজনগর ব্যাটালিয়নে বিদ্রোহ মামলায় আসামি নয়জন। গত ১৬ ফেব্র"য়ারি মামলার যুক্তিতর্ক শেষ হয়।
রাঙামাটির বিডিআর সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে নেতৃত্ব দেবেন বিডিআর'র বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম।
বিশেষ আদালত-৪ এ বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- বিডিআর কর্মরতা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আবদুর রউফ ও মেজর গোলাম মোস্তফা আল মামুন।
আসামিরা হলেন- হাবিলদার মো, সামসুল হক, মো. সোহরাব হোসেন ও মো. সিব্বির আহমেদ, সিপাহী আবুল কালাম আজাদ, মো. সাখাওয়াত হোসেন, মো. রাসেল কবির ও মো. জাহির উদ্দিন ও মো. সরওয়ার কামাল এবং সিগনালম্যান মো. আব্দুর রহমান।
রাজধানীর বিডিআর সদরদপ্তরে গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহে অর্ধশতাধিক সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। ওই সময় রাজধানীর বাইরেও কয়েকটি স্থানে বেশ কিছু জওয়ান বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
গত ২৪ নভেম্বর রাজনগরের নয়জনের বিচারের মধ্য দিয়ে বিডিআর বিদ্রোহের বিচার শুরু হয়। বিদ্রোহের বিচারে ঢাকায় দুটিসহ সারাদেশে ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়।
একই আদালতে রাঙামাটির মারিশ্যার ৯ রাইফেলস ব্যাটালিয়নের ৭৫ জন জওয়ানের বিচার চলছে।
সোমবার এ মামলার বিচার কাজ আবার শুরু হবে। মুলতবি হওয়ার আগে মামলার সাক্ষ্যগ্রহণ চলছিল।
এ মামলায় আসামীদের মধ্যে ৩ জন সুবেদার, ৫জন নায়েব সুবেদার ১২ জন হাবিলদার ৯জন নায়েক ১৪ জন ল্যান্স নায়েক এবং ৩২ জন সিপাহী রয়েছেন।
গত ৩০ ডিসেম্বর এ মামলার বিচার শুরু হয়।
বিদ্রোহের বিচার বিডিআর আইনে হলেও পিলখানায় হত্যা, লুণ্ঠনের বিচার হবে প্রচলিত আইনে বিশেষ আদালতে।
বিদ্রোহের অভিযোগে সাড়ে তিন হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৫৯ ঘ.
bdnews24