২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ: ২৫৬ জনের বিরুদ্ধে ২২ নভেম্বর অভিযোগ গঠন

বিদ্রোহে 'জড়িত' পিলখানা বিডিআর হাসপাতাল ইউনিটের ২৫৬ জনের বিরুদ্ধে আগামী ২২ নভেম্বর অভিযোগ গঠনের দিন ঠিক করে সে দিন পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2010, 05:49 AM

Updated : 24 Aug 2022, 08:59 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহে 'জড়িত' পিলখানা বিডিআর হাসপাতাল ইউনিটের ২৫৬ জনের বিরুদ্ধে আগামী ২২ নভেম্বর অভিযোগ গঠনের দিন ঠিক করে সে দিন পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে। বিডিআর সদর দপ্তরে দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৬ এ সব আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার এ দিন ঠিক করেন আদালত প্রধান মেজর জেনারেল মো. মইনুল ইসলাম। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আদালতের কাজ চলে। ২৫৬ জনের বিচার প্রক্রিয়া বুধবার শুরু হয়। আদালতের কার্যক্রমের শুরুতেই সব আসামির উপস্থিতির বিষয়টি নিশ্চিত হন বিচারক ও বিডিআর মহাপরিচালক মইনুল। তিনি কয়েকজনের নাম ধরেও জানতে চান। এরপর প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল এসএমএস আল মূঈদ আসামিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, বিদ্রোহের সময় হাসপাতাল ইউনিটের ৮৪ জন দরবার হলে উপস্থিত ছিলেন। তারা সরাসরি বিদ্রোহে অংশগ্রহণ করেন। ৫৫ জন বিদ্রোহের সময় অধিনায়কের অনুমতি ছাড়া ইউনিট ত্যাগ করেন। ৮০ জন অস্ত্র ও গোলাবারুদ লুট করেন। ৩৮ জন অস্ত্র হাতে নেন। এর মধ্যে একই ব্যক্তি একাধিক 'অপরাধে' যুক্ত। এ ইউনিটের তোরাব হোসেন খান ও মনোরঞ্জনের নাম উল্লেখ করে প্রসিকিউটর বলেন, "এরা লাশগুমে নেতৃত্ব দিয়েছে।" এ পর্যায়ে আদালত প্রধান তোরাবের কাছে জানতে চান, বিদ্রোহের সময় তিনি কী করেছিলেন। উত্তরে তোরাব বলেন, তিনি দুপুর ২টা থেকে বেলা ৫টা পর্যন্ত দরবার হলের পশ্চিম গেটে ছিলেন। তিনি ৪০-৪২ লাশ সরাতে সহায়তা করেন। তিনি কাউকে চিনতে পেরেছিলেন কিনা জানতে চাইলে উত্তরে তোরাব নিহত মহাপরিচালক শাকিল আহমেদের লাশ চিনতে পারার কথা স্বীকার করেন। মহাপরিচালকের লাশ দেখে স্যালুট করেছিলেন কিনা- আদালত জানতে চাইলে তোরাব বলেন, তিনি তা করেছেন। অভিযুক্তদের কয়েকজন হাসপাতালে রোগী হিসেবে ছিলেন উল্লেখ করে প্রসিকিউটর বলেন, রোগী আসামি হতে পারে এটা কেউ ভাবতে পারেন না। কিন্তু এটাই সত্যি। তিনি বলেন, "হাসপাতালের ওটিতে (অপারেশন থিয়েটার) চিকিৎসকদের গুলি করার জন্য গিয়েছিলো নিশান মোল্লা। একজন সিপাহি তার পা ধরে বলেছিলেন স্যারদের গুলি করে হত্যা করবেন না। তারপর সে বের হয়ে যায়।" এ অভিযোগ ঠিক কি না- আদালত প্রধান জানতে চাইলে নিশান তা অস্বীকার করেন। প্রসিকিউটর বলেন, হাবিলদার হুমায়ুন কবির লাশ পোড়ানোর জন্য ওয়ার্ড মাস্টার নায়েক হাশেম উদ্দিনের কাছে স্পিরিট চেয়েছিলেন। কবিরও আদালতে এ অভিযোগ নাকচ করেন। নায়েক মতিউর রহমান হাসপাতাল থেকে মেগাফোন নিয়ে কথা বলেছেন- এ অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি তা স্বীকার করেন। তবে বলেন, তাকে ডেকে নেওয়া হয়েছিলো। প্রসিকিউটর মূয়ীদ বলেন, হাসপাতালের মেডিকেল সহকারির কাজ রোগীর সেবা করা। অস্ত্র তুলে নেওয়া নয়। তারপরও সুবেদার মেজর রমেন্দ্রনাথ বিশ্বাসের নেতৃত্বে তারা অস্ত্র হাতে নিয়েছে। তবে আদালতে রমেনও তা অস্বীকার করেন। মহাপরিচালক মইনুল ইসলাম বলেন, আগে বিদ্রোহ হলেও এভাবে বিশেষ আদালতে বিচার হয়নি। এটাই প্রথম ও শেষ আদালত হতে পারে। কেননা আইনের পরিবর্তন আসছে। এ সময় আসামিদের আইনি সুবিধা-অসুবিধার বিষয়ে জানান মহাপরিচালক। গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। এরপর বিডিআর আইনে বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে সরকার ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। বিডিআর আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। বিদ্রোহের ঘটনায় ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী ও সাতক্ষীরায় চারটি মামলার রায় হয়েছে। পিলখানায় হত্যাকাণ্ড ও লুটপাটের বিচার হবে প্রচলিত আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেবি/এমআই/১৬০০ ঘ.