২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল ইউনিটের বিদ্রোহীদের বিচার শুরু

বিদ্রোহে 'জড়িত' বিডিআর হাসপাতাল ইউনিটের সদস্যদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2010, 06:42 AM

Updated : 24 Aug 2022, 08:57 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহে 'জড়িত' বিডিআর হাসপাতাল ইউনিটের সদস্যদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার বিডিআরের বিশেষ আদালত-৬ এ ২৫৬ জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের এক পর্যায়ে আবেগপ্রবণ হয়ে পড়েন আদালত প্রধান মেজর জেনারেল মো. মইনুল ইসলাম। পরে অবশ্য তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বিচারকের আসনে বসে তার আবেগপ্রবণ হওয়া উচিত হয়নি। সকাল সাড়ে ৯টায় আদালতের কার্যক্রমের শুরুতেই বাদি নায়েক সুবেদার নান্নু মিয়া (মেডিকেল অ্যাসিস্টেন্ট) বিদ্রোহের ঘটনার বর্ণনা দিয়ে আসামিদের নাম পড়েন। আসামি হিসেবে বাদি ২৫৬ জনের নাম উল্লেখ করেন। এর মধ্যে ৯০ জন আগেই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকিরা হাসপাতালে কর্মরত ছিলেন। এরপর আদালত কর্মরতদের গ্রেপ্তার করে সব আসামিকে বৃহস্পতিবার আদালতে হাজির করার নির্দেশ দেন। বাদির বক্তব্যের পর আদালতের প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল এসএমএ আল মুয়ীদ বক্তব্য দেন। তিনি প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বলেন, বিদ্রোহের সময় হাসপাতালে চারজন চিকিৎসককে হত্যা করা হয়েছে। নির্যাতনের হাত থেকে বাঁচেননি নারী চিকিৎসকরাও। "মেজর মোশাররফ হোসেনকে গুলি করার পর তার মগজ ছিটকে দেওয়ালে লাগে। এ দৃশ্য দেখেছেন এক নারী চিকিৎসক। এক চিকিৎসককে হত্যার আগে তিনি তার শিশুপুত্রকে বলেছিলেন, 'বাবা তুমি আমার বুকে শুয়ে থাকো। তাহলে তারা (বিদ্রোহীরা) ভাববে, তুমি মারা গেছ। পরে তুমি পালিয়ে যেও।" ঘটনার বর্ণনা দিয়ে প্রসিকিউটরের এ বক্তব্য দেওয়ার সময় আদালত প্রধান বিডিআর মহাপরিচালককেও কয়েকবার রুমালে চোখ মুছতে দেখা যায়। পরে নিজেকে সামলে নিয়ে তিনি বলেন, "আবেগপ্রবণ হওয়ার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই। এটা আমার উচিত হয়নি। আদালতের কার্যক্রম চলবে।" প্রসিকিউটরের বক্তব্য শোনার পর সাড়ে ১১টার দিকে আদালত বৃহস্পতিবার পর্যন্ত মুলতবির আদেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১২১০ ঘ.