ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৪৪ রাইফেলস ব্যাটালিয়ন ও সংযুক্ত বিভিন্ন ব্যাটালিয়নের ৬৭৫ জনের বিরুদ্ধে সোমবার অভিযোগ উত্থাপন করা হয়েছে।
এদের মধ্যে ৪৪ রাইফেলস ব্যাটালিয়নের সদস্য ৪৩৬ জন।
পিলখানায় দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৫ এ সুবেদার মেজর ইসমাইল হোসেন অভিযোগ উত্থাপন করেন।
তাদের বিরুদ্ধে বিদ্রোহে সরাসরি অংশগ্রহণ, মদদ দেওয়া, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করা, বিদ্রোহ দমনে দায়িত্ব পালন না করে নিষ্ক্রিয় থাকার অভিযোগ আনা হয়।
অভিযোগ আমলে নিয়ে তাদেরকে মঙ্গলবার সকাল ১০টায় আদালতে হাজির করার নির্দেশ দেন আদালত প্রধান বিডিআরের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম।
সকাল ৯টা ২৩ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হয়ে ১১টায় শেষ হয়।
এই ৬৭৫ জনের মধ্যে ৪০৫ জন বিদ্রোহের ঘটনায় গত বছরের ৬ এপ্রিল নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ছিলেন। সোমবার সকালে অন্যদের গ্রেপ্তার করা হয়। তারা পিলখানায় কর্মরত ছিলেন।
আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ৪৪ রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডিং কর্মকর্তা সুবেদার লেফটেন্যান্ট কর্নেল কাজী অনিরুদ্ধ। তাকে সহায়তা করেন স্পেশাল প্রসিকিউটর অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, মোহাম্মদ শাহনেওয়াজ টিপু ও অ্যাডভোকেট মঞ্জুর-ই আলম।
এর আগে এ আদালতে তিনটি ব্যাটালিয়নের বিদ্রোহী সদস্যদের বিচার কাজ শুরু হয়।
গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন।
এরপর বিডিআর আইনে বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে সরকার ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। হত্যাকাণ্ড ও লুটপাটের বিচার হবে প্রচলিত আইনে।
বিদ্রোহের ঘটনায় ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী ও সাতক্ষীরায় চারটি মামলার রায় হয়েছে।
গত ৭ এপ্রিল পঞ্চগড়ে হয় প্রথম রায়। সেখানে অভিযুক্ত ২৯ বিডিআর সদস্যের সবার সাজা হয়েছে।
এরপর ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় রায়ে একজন খালাস পান। ফেনীতে সর্বোচ্চ সাত বছর সাজা হয় চারজনের, খালাস পান পাঁচজন।
সর্বশেষ সাতক্ষীরা ৭ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্ত ৬০ সদস্যের মধ্যে ৫৬ জনের সাজা হয়। সর্বোচ্চ সাজা হয় ২৪ জনের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কিউএইচ/এজে/১৩৩৭ ঘ.
bdnews24