চট্টগ্রাম, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের সাতকানিয়া, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও বলিপাড়ায় বিডিআর বিদ্রোহের মামলার বিচার কাজ বৃহস্পতিবার শুরু হচ্ছে।
ইতোমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী ও সাতক্ষীরায় চারটি মামলার রায় হয়েছে।
সাতকানিয়ার বাইতুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে স্থাপিত বিশেষ আদালত-৪ এ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বান্দরবানের বলিপাড়া ১০ রাইফেলস ব্যাটালিয়নের ১১০ সদস্যের বিচার কাজ শুরু হবে।
এই আদালতে পর্যায়ক্রমে সাতকানিয়ার বিডিআর ট্রেনিং সেন্টার ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নে বিদ্রোহের বিচার হবে বলে জানিয়েছেন বিডিআরের চট্টগ্রাম সেক্টর হেডকোয়ার্টারের স্টাফ অফিসার মেজর সাজ্জাদুল কবীর।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতে সভাপতিত্ব করবেন বিডিআর'র বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম।
বিচারক প্যানেলের অপর দুই সদস্য ও সরকারি কৌঁসুলিদের নাম জানাননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বান্দরবান প্রতিনিধি জানান, জেলার থানচি উপজেলার বলিপাড়ায় অবস্থিত ১০ রাইফেলস ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় গ্রেপ্তার ১১০ বিডিআর সদস্য বর্তমানে কারাগারে আছেন।
বলিপাড়া ১০ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল হোসেন বিচার শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় অবস্থিত ১৫ রাইফেলস ব্যাটালিয়নের ৪০ সদস্য বিদ্রোহের মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে বান্দরবান কারাগারে আছেন।
চট্টগ্রাম অফিস জানায়, বিদ্রোহের মামলায় সাতকানিয়ার বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারের ১০০ সদস্যকে আসামি করা হয়েছে। এদের মধ্যে এক জওয়ান অসুস্থ হয়ে মারা যান। বাকি ৯৯ জন চট্টগ্রাম কারাগারে আটক আছেন।
বিদ্রোহের ঘটনায় সাতকানিয়া থানার ওসি বাদি হয়ে গত বছরের ১৪ মে একটি মামলা করেন।
গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ওই বাহিনীতে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন।
ওই সময় রাজধানীর বাইরে বিভিন্ন স্থানে বেশ কিছু জওয়ান বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
হত্যাকাণ্ড ও লুটপাটের বিচার হবে প্রচলিত আইনে।
বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে সরকার ঢাকা দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। এসব আদালতে প্রায় সাড়ে তিন হাজার বিডিআর সদস্যের বিচার চলছে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা সাত বছর।
সোমবার সাতক্ষীর ৭ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্ত ৬০ সদস্যের মধ্যে ৫৬ জনের সাজা হয়। চারজন খালাস পান। সর্বোচ্চ সাজা হয় ২৪ জনের।
বিদ্রোহ মামলার প্রথম রায় হয় গত ৭ এপ্রিল পঞ্চগড়ে। সেখানে অভিযুক্ত ২৯ বিডিআর সদস্যের সবার সাজা হয়েছে।
এরপর ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় রায়ে একজন খালাস পান। ফেনীতে সর্বোচ্চ সাজা হয় চারজনের, খালাস পান পাঁচজন।
বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমএসবি/২২২২ ঘ.
bdnews24