ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যা মামলায় আদালতে বুধবারও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ঢাকার মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হক আগামী ১৯ মে এ প্রতিবেদন জমার তারিখ পুনর্নির্ধারণ করেছেন। বুধবার মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন উপস্থাপন করতে না পারায় তারিখ পুনর্নিধারণ হয়।
মামলা নথিপত্রে দেখা গেছে, এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে আদালত অন্তত ১০টি তারিখ নির্ধারণ করলেও এখনো প্রতিবেদন জমা হয়নি।
মামলাটি তদন্ত করছেন সিআইডি'র বিশেষ সুপার আবদুল কাহার আকন্দ।
গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহ হয়। এতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭০ জন নিহত হন।
সদরদপ্তরে বিদ্রোহের পর দেশের বিভিন্ন স্থানে কিছুকিছু বিডিআর সদস্য এতে একাত্মতা প্রকাশ করে।
এ ঘটনায় হত্যা, লুটপাট, আগুন লাগানোর অভিযোগে প্রথমে মামলা হয় লালবাগ থানায়। পরে মামলাটি নিউমার্কেট থানায় স্থানান্তর হয়।
এ মামলায় গ্রেপ্তার করা হয় বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু এবং আওয়ামী লীগ নেতা তোরাব আলীকে।
মামলায় প্রায় দুই হাজার দুশ ৬৪ জন বিডিআর সদস্য এবং বিডিআর নন এমন ৩৪ জনকে গ্রেপ্তার করা ও গ্রেপ্তার দেখানো হয়।
মামলায় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় দুই হাজার দুশ ৪০ জনকে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন পাঁচশ ৩৩ জন ।
বিডিআর আইনে সারা দেশে বিদ্রোহের বিচার কাজ চলছে।
তদন্ত প্রতিবেদন দাখিলের অপেক্ষায় থাকা এ মামলাটি দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা মামলা। দণ্ডবিধির ধারায়ই এ মামলার অভিযোগপত্র দাখিল করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২০৪৭ ঘ.
bdnews24