২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিদ্রোহ মামলার রায় সোমবার

সাতক্ষীরার নীলডুমুরে ৭ রাইফেলস ব্যাটালিয়নে বিদ্রোহের মামলার রায় হবে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2010, 03:29 PM

Updated : 24 Aug 2022, 08:34 PM

সাতক্ষীরা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার নীলডুমুরে ৭ রাইফেলস ব্যাটালিয়নে বিদ্রোহের মামলার রায় হবে সোমবার। গত বছর সংঘটিত বিডিআর বিদ্রোহের মামলার এটি হবে চতুর্থ রায়। এর আগে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও ফেনীতে বিদ্রোহের মামলার রায় হয়। প্রথম রায়ে পঞ্চগড়ে অভিযুক্ত সবার সাজা হয়। ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় রায়ে একজন খালাস পান। ফেনীতে খালাস পান পাঁচজন। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা ৪১ রাইফেলস ব্যটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে রায় দেবেন আদালত প্রধান বিডিআরের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম। এই ব্যাটালিয়নের অভিযুক্ত ৬০ বিডিআর সদস্যের মধ্যে ১৬ জন আদালতে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। আদালতের প্রসিকিউটর ৭ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছরের ৭ ও ৮ ডিসেম্বর, এ বছরের ১৮ থেকে ২১ জানুয়ারি এবং সর্বশেষ ২১ থেকে ২৩ মার্চ এই নয় কার্যদিবসে বিচার কার্যক্রম সম্পন্ন হয়। আদালতে বিচারক প্যানেলের সদস্য হিসেবে উপস্থিত থাকবেন লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ ও মেজর লুৎফুল কবির। এছাড়া অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাংক কুমার রায়, মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল বদরুল আলম ও পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল উপস্থিত থাকবেন। পর্যবেক্ষক হিসেবে থাকবেন স্থানীয় সাংবাদিকরা। গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহ ও পরিণতিতে হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হয়। এর সমর্থনে ২৬ ফেব্র"য়ারি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর ব্যাটালিয়নেও বিডিআর বিদ্রোহ হয়। বিদ্রোহের বিচারে সরকার গত বছরের নভেম্বর মাসে ঢাকায় দুটিসহ ছয়টি আদালত গঠন করে। এসব আদালতে সাড়ে তিন হাজার বিডিআর সদস্যের বিচার চলছে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা সাত বছর। বিদ্রোহের সময় হত্যা, লুটপাটের বিচার হবে প্রচলিত আদালতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৬ ঘ.