২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানায় ১৩ রাইফেলস্ সদস্যদের বিচার শুরু

পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় বিশেষ আদালত ৫-এ ১৩ রাইফেলস্ ব্যাটালিয়নের ছয়শ ২৩ সদস্যের বিচার বৃহস্পতিবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2010, 01:14 PM

Updated : 24 Aug 2022, 08:29 PM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় বিশেষ আদালত ৫-এ ১৩ রাইফেলস্ ব্যাটালিয়নের ছয়শ ২৩ সদস্যের বিচার বৃহস্পতিবার শুরু হয়েছে। মামলার বাদি ওই ব্যাটালিয়নের সুবেদার মো. ফরিদ উদ্দিন আহমেদ বেলা সোয়া ১১টায় পিলখানার ওই বিশেষ আদালতে অভিযোগ দায়ের করলে আদালত তা আমলে নেয়। ছয়শ ২৩ সদস্যের সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আগামী শনিবার হাজির করার নির্দেশ দিয়েছে আদালত। আসামিদের মধ্যে তিনশ ৩০ জন বৃহস্পতিবার পর্যন্ত পিলখানায় কর্মরত ছিলেন। বাকি দুশ ৯৩ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গত বছরের ৬ এপ্রিল নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় তারা গ্রেপ্তার হন। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম এই বিচার কার্যক্রম পরিচালনা করেন। বিচার কাজে তাকে সহায়তা করেন বিডিআর কর্মকর্তা লে. কর্নেল একেএম গোলাম রব্বানী ও মেজর সাইদ হাসান তাপস। অ্যাটর্নি জেনারেলের পক্ষে এজলাসে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট কর্নেল আখতার হামিদ খান। তাকে সহায়তা করেন স্পেশাল প্রসিকিউটর অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, মোহাম্মদ শাহনেওয়াজ টিপু ও অ্যাডভোকেট মঞ্জুর-ই আলম। আদালতে আসামিদের বিরুদ্ধে মামলার বাদি বলেন, বিডিআরের মতো সুশৃঙ্খল বাহিনীর প্রশিক্ষিত সদস্য হিসেবে বিডিআরের সব আইন-কানুন জানা সত্ত্বেও তারা বিদ্রোহে জড়িয়ে পড়ে। তৎকালীন ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের আদেশ ও নির্দেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করে পূর্বপরিকল্পনার অংশ হিসেবে দরবার হল ত্যাগ ও তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন থেকে বিরত থাকে। অভিযোগে তিনি বলেন, বিডিআরে কর্মরত অফিসারদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তাদের ও পরিবারের সদস্যদের জীবন বিপন্ন করে তোলে বিদ্রোহীরা। আদালত অভিযোগ আমলে নেওয়ার পর আদালতের অনুমতি নিয়ে মামলার প্রসিকিউটর ও ১৩ রাইফেলস্ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখতার হামিদ খান আদালতের কাছে আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। কর্ণেল আখতার হামিদ খানের বক্তব্যের পর আদালত পিলখানায় কর্মরত তিনশ ৩০ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। একই সঙ্গে এই মামলার প্রত্যেক আসামিকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ও সাক্ষীদের বক্তব্যের কপি সরবরাহ করার জন্য মামলার প্রসিকিউটর ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। এদিকে সদর রাইফেল ব্যাটালিয়নের ৮৬ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে চার্জ গঠনের তারিখ ধার্য ছিলো বৃহস্পতিবার। সকাল ৯টায় আদালত বসলে মামলার বাদী ও ঢাকা সেক্টরের সদর রাইফেলস্ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত নায়েক সুবেদার মো. শাহ আলম ভূঁইয়া সময় প্রার্থনা করেন। আদালত তার আবেদন গ্রহণ করে চার্জ গঠনের তারিখ পিছিয়ে আগামী ৩ অক্টোবর ধার্য করেন। এদিকে মহাপরিচালকের বদলির কারণে মামলার কোন সমস্যা হবে কি না বা বৃহস্পতিবারই তার এই বিচার কার্যটি শেষ কি না এ প্রশ্নের জবাবে মেজর জেনারেল মইনুল ইসলাম জানান, তিনি এখনো বদলির প্রয়োজনীয় কাগজ পাননি। নতুন ডিজিকে পুরো দায়িত্ব বুঝিয়ে দিতে একটু সময় লাগবে বলে জানিয়ে মইনুল বলেন, শনিবার বিচারের নির্ধারিত তারিখ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৯০৭ ঘ.