২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাজা ৫০ জনের, নির্দোষ ১

বিডিআর বিদ্রোহের মামলার দ্বিতীয় রায়ে ঠাকুরগাঁওয়ে ৫০ জনের বিভিন্ন মেয়াদের সাজা হয়েছে। একজনকে নির্দোষ ঘোষণা করা হয়। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2010, 10:58 AM

Updated : 24 Aug 2022, 08:25 PM

ঠাকুরগাঁও, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিআর বিদ্রোহের মামলার দ্বিতীয় রায়ে ঠাকুরগাঁওয়ে ৫০ জনের বিভিন্ন মেয়াদের সাজা হয়েছে। একজনকে নির্দোষ ঘোষণা করা হয়। দণ্ডিতদের মধ্যে সর্বোচ্চ সাত বছর সাজা হয়েছে দুজনের। ছয় বছর করে হয়েছে পাঁচজনের। পাঁচ বছর ছয় মাস করে হয়েছে দুই জনের। পাঁচ বছর হয়েছে পাঁচ জনের। তিন বছর করে হয়েছে দুই জনের। দুই বছর করে হয়েছে চারজনের। এক বছর এক মাস করে হয়েছে তিন জনের। ছয় মাস করে হয়েছে ১৪ জনের। চার মাস করে হয়েছে ১৩ জনের। এরা সবাই ২০ রাইফেলস ব্যাটালিয়নের সদস্য। সোমবার বিকালে বিডিআরের বিশেষ আদালতের প্রধান বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত সবাইকে একশ' টাকা করে জরিমানা করা হয়। সাজা বেসামরিক কারাগারে এবং রায়ের দিন থেকে কার্যকর হবে। সাত বছর সশ্রম কারাদণ্ড হয়েছে নায়েব সুবেদার সহিদ উল্লাহ বিশ্বাস ও সিপাহী মো. শাহজাহানের। বেকসুর খালাস দেওয়া হয় নায়েব সুবেদার সাইফুল ইসলামকে। হাবিলদার আব্দুল হক, সিপাহী আরিফুর রহমান মজুমদার, সুবেদার মেজর খন্দকার মো. মহসিন, সিপাহী নাহিদুর রহমান ও সিপাহী মিরাজ আলীর ছয় বছর সাজা হয়েছে। সিপাহী জহিরুল ইসলাম ও ল্যান্স নায়েক সহকারী সিদ্দিকুল ইসলামের সাজা হয়েছে পাঁচ বছর ছয় মাস। ল্যান্স নায়েক সেলিম মিয়া, সিপাহী জাকির হোসেন, নায়েক এনামুল হক, ল্যান্স নায়েক নুরুল ইসলাম ও সিপাহী হাবিবুর রহমানের পাঁচ বছর, সিপাহী আলী আকবর ও নায়েক সুবেদার সহকারী ফজলু রহমান ভূঁইয়ার তিন বছর, সিপাহী রাজু আহম্মেদ, সিপাহী রুহুল আমিন, সিপাহী সহকারী নাজমুল হুদা ও সিপাহী সহকারী সাইফুল ইসলামের দুই বছর সাজা হয়েছে। এক বছর এক মাস কারাদণ্ড হয়েছে ল্যান্স নায়েক সহকারী আনোয়ার হোসেন, হাবিলদার গোলাম মোস্তাফা ও সিপাহী আমজাদ হোসেনের। সিপাহী রেজাউল করিম, জসিম উদ্দিন, পাপ্পু মণ্ডল, মঞ্জুরুল হাসান, আখতারুজ্জামান, মাসুম বিল্লাহ, হালিম রানা, সেলিম রেজা, ইবনে মাসুদ রানা, জিয়াউর রহমান, সবুর উদ্দিন ও মো. আরশাদ, হাবিলদার জালাল উদ্দিন, ল্যান্স নায়ক আবুল বাশারের ছয় মাস সাজা হয়েছে। চার মাস কারদণ্ড হয়েছে হাবিলদার রেজাউল করিম, সিপাহী একাব্বর আলী, আব্দুল্লাহ আল মামুন, জিল্লুর রহমান, হানিফ উদ্দিন, রবিউল ইসলাম, মকসেদুল হক, বাবুল আকতার, শাহিন মাহমুদ, মো. ইলিয়াস, আবু হেনা মোস্তফা কামাল, মীর হোসেন ও ওয়াসিম আকরামের। বিকাল ৩টা ৫৫ মিনিটে কঠোর নিরাপত্তায় আদালত বসে। এর আগে ৫১ জন আসামিকে হাজির করা হয়। আদালত প্রধান মেজর জেনারেল মইনুল ইসলাম আসন গ্রহণ করে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মামলা চলাকালীন তিনটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। এগুলো হলো বিডিআর আইন সমুন্নত রাখা, নিরাপত্তারক্ষা বাহিনীতে শৃংখলা ফিরিয়ে আনা এবং যারা দোষ স্বীকার করেছে তাদের ক্ষেত্রে সদয় হওয়া। এরপর বিকাল ৪টা ১৫ মিনিটে তিনি রায় পাঠ শুরু করে পৌনে ৫টায় শেষ করেন। বিচারক প্যানেলের অন্য দুই সদস্য হলেন লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুর রহমান ও মেজর দিদার আল লতিফ। বিচার কাজে সহযোগিতা করেন ডেপুটি এর্টনি জেনারেল মেজর বিশ্বজিৎ রায়। প্রসিকিউটর ছিলেন ২০ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ আলম। প্রসিকিউটরকে সহযোগিতা করেন অ্যডভোকেট মোশারফ হোসেন কাজল ও মঞ্জুরুল আলম। গত বছরের ২৫ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। পরদিন সারাদেশের বিভিন্ন স্থানের মতো ঠাকুরগাঁও ২০ রাইফেলস ব্যাটালিয়ন সদরদপ্তরের কিছু সদস্য বিদ্রোহে একাত্মতা প্রকাশ করে। গত বছরের নভেম্বরে বিদ্রোহের বিচারে ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে সরকার। এসব আদালতে প্রায় সাড়ে তিন হাজার বিডিআর সদস্যের বিচার শুরু হয়। গত ৩ ফেব্র"য়ারি ঠাকুরগাঁয়ের বিদ্রোহীদের বিচার শুরু হয়। বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। শেষ হয় শনিবার। পরদিন আদালতের সভাপতি ৫১ জন আসামির বক্তব্য শোনেন এবং লিখিত বক্তব্য নেন। প্রসিকিউটর যুক্তিতর্ক উপস্থাপন করেন। এ মামলায় মোট ৩১ জনের সাক্ষ্য নেওয়া হয়। বিদ্রোহের মামলার প্রথম রায়ে গত বুধবার পঞ্চগড়ে ২৯ বিডিআর সদস্যকে সাজা দেওয়া হয়। ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্করে অবস্থিত ১৯ রাইফেলস ব্যাটালিয়নের বিদ্রোহের মামলায় রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে ১৮ এপ্রিল। এ মামলায় ৬২ বিডিআর জওয়ানকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ৫৮ জন দোষ স্বীকার করেছেন। রাঙামাটির রাজনগর ব্যাটালিয়নের নয় বিডিআর সদস্যের বিরুদ্ধে রায় দেওয়া হবে ২ মে। এছাড়া সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুরে অবস্থিত ৭ রাইফেলস ব্যাটালিয়নের ৬০ সদস্যের বিরুদ্ধে ১৯ এপ্রিল রায় হবে। গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। এ সময় দেশের কয়েকটি স্থানের মতো ঠাকুরগাঁও ২০ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরের কয়েকজন সদস্য বিদ্রোহে একাত্মতা প্রকাশ করে। গত বছরের নভেম্বরে বিদ্রোহের বিচারে ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে সরকার। এসব আদালতে প্রায় সাড়ে তিন হাজার বিডিআর সদস্যের বিচার চলছে। বিদ্রোহের বিচার হচ্ছে বিডিআর আইন এবং হত্যা, ধর্ষণসহ অন্য ফৌজদারী অপরাধের বিচার হচ্ছে প্রচলিত আইনে। বিডিআর বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি সাত বছর কারাদণ্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/ডিডি/এমএসবি/২১৩৭ ঘ.