২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে বিদ্রোহের মামলায় আরো ১৯ জনের সাক্ষ্য

বিডিআর বিদ্রোহের মামলায় শনিবার আরো ১৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ নিয়ে দুদিনে ৩১ জনের সাক্ষ্য নেওয়া হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2010, 01:42 PM

Updated : 24 Aug 2022, 08:20 PM

ঠাকুরগাঁও, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিআর বিদ্রোহের মামলায় শনিবার আরো ১৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ নিয়ে দুদিনে ৩১ জনের সাক্ষ্য নেওয়া হলো। মামলার ৮৪ জন সাক্ষীর মধ্যে অবশিষ্ট ৫৩ জনের সাক্ষ্য নেওয়া প্রয়োজন নেই মর্মে প্রসিকিউটর ২০ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ আলম আদালতকে জানান। আসামি ও প্রসিকিউটারের বক্তব্য পেশ এবং উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করে রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত আদালতের কাজ মুলতবি করা হয়। ২০ রাইফেলস ব্যাটালিয়নের ৫১ সদস্যের বিরুদ্ধে বৃহস্পতিবার অভিযোগ গঠন করা হয়। এদের মধ্যে ৪৪ জন দোষ স্বীকার করেছেন। ওইদিন মামলার বাদি ২০ রাইফেলস ব্যাটালিয়নের উপসহকারী পরিচালক (ডিএডি) নূরল ইসলাম ফকিরসহ ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়। শনিবার সকাল সাড়ে ৮টায় বিচার কাজ শুরু হয়। চলে দুপুর ১টা পর্যন্ত। ২০ রাইফেলস ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-২ এর বিচার কাজে নেতৃত্ব দেন বিচারক প্যানেলের প্রধান বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। আদালতে বিচারক প্যানেলে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুর রহমান ও মেজর দীদার আল লতিফ। আসামি পক্ষের পাঁচজন আইনজীবী আদালতে ছিলেন, শুনানিতে অংশ নিতে না পারলেও তারা আসামিদের পরামর্শ দিতে পারছেন। সরকারি আইনজীবীদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজল ও মঞ্জুরুল আলম। গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। পরদিন সারাদেশের বিভিন্ন স্থানের মতো ২০ রাইফেলস ব্যাটালিয়নের একদল সদস্যও বিদ্রোহে একাত্মতা প্রকাশ করে। বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে বিডিআর। এরপর শুরু হয় বিচার। প্রথম মামলার রায়ে গত বুধবার পঞ্চগড়ের ২৯ বিদ্রোহীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯৩৯ ঘ.