২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে অভিযুক্ত ৫১ জওয়ান

বিদ্রোহের মামলায় ঠাকুরগাঁওয়ে ৫১ জন বিডিআর সদস্যের বিরুদ্ধেঅভিযোগ গঠন হয়েছে। এর মধ্যে ৪৪ জন আদালতে দোষ স্বীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2010, 07:17 AM

Updated : 24 Aug 2022, 08:19 PM

ঠাকুরগাঁও, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় ঠাকুরগাঁওয়ে ৫১ জন বিডিআর সদস্যের বিরুদ্ধেঅভিযোগ গঠন হয়েছে। এর মধ্যে ৪৪ জন আদালতে দোষ স্বীকার করেছেন। ২০ রাইফেল ব্যাটালিয়নের বিদ্রোহীদের বিচারে বৃহস্পতিবার বৃহস্পতিবার বসে বিডিআরের বিশেষ আদালত। অভিযোগ গঠনের পর শনিবার পর্যন্ত শুনানি মুলতবির আদেশ দেন আদালতপ্রধান বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম। আদালতে বিচারক প্যানেলে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুর রহমান ও মেজর দীদার আল লতিফ। আসামি পক্ষের সাতজন আইনজীবী আদালতে ছিলেন, শুনানিতে অংশ নিতে না পারলেও তারা আসামিদের পরামর্শ দিতে পারছেন। শুনানির শুরুতেই বাদি ২০ রাইফেলস ব্যাটালিয়নের উপসহকারী পরিচালক (ডিএডি) নূরল ইসলাম ফকির ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। একই সঙ্গে বিদ্রোহের সময় আসামিদের তৎপরতার নজির হিসেব ভিডিওফুটেজও আদালতে তুলে ধরা হয়। দোষী, না নির্দোষ- অভিযোগ উত্থাপনের পর আদালতের প্রশ্নে আসামিরা কিছু সময় চান। ওই সময় আত্মীয়-স্বজন ও আইনজীবীদের সঙ্গে কথা বলেন তারা। পরে সাত আসামি নিজেদের নির্দোষ বলে দাবি করেন। বাকি ৪৪ জন দোষ স্বীকার করেন। এরপর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আট জনের সাক্ষ্য নেওয়ার পর মুলতবি হয় আদালত। গত বছরের ২৫ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। পরদিন সারাদেশের বিভিন্ন স্থানের মতো ২০ রাইফেলস ব্যাটালিয়নের একদল সদস্যও বিদ্রোহে একাত্মতা প্রকাশ করে। বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে বিডিআর। এরপর শুরু হয় বিচার। প্রথম মামলার রায়ে গত বুধবার পঞ্চগড়ের ২৯ বিদ্রোহীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১১ ঘ.