সাইফুল আলম বাবু
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
পঞ্চগড়, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের মামলার প্রথম রায়ে পঞ্চগড়ের ২৯ আসামির সবার সাজা হয়েছে; সর্বোচ্চ সাত বছর সাজা হয়েছে ১৩ জনের। দণ্ডিতরা সবাই ২৫ রাইফেলস ব্যাটালিয়নের সদস্য।
বুধবার বিকালে ২৫ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতের প্রধান বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
গত বছরের ২৫ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। পরদিন সারাদেশের বিভিন্ন স্থানের মতো ২৫ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরের একদল সদস্যও বিদ্রোহে একাত্মতা প্রকাশ করে।
বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে বিডিআর। গত বছরের নভেম্বরে গত ৩ ফেব্র"য়ারি পঞ্চগড়ের বিদ্রোহীদের বিচার শুরু হয়। বিডিআর আইনে এ বিচার কাজ চলে।
আদালত কারাদণ্ডের পাশাপাশি ২৯ আসামিকে ১০০ টাকা করে অর্থদণ্ডও করেছে। সাজা বেসামরিক কারাগারে এবং রায়ের দিন থেকে কার্যকর হবে বলে রায়ে বলা হয়।
আসামিদের আইনগত সব ধরনের সহায়তা দেওয়া হয়েছে বলে বিডিআর মহাপরিচালক রায়ের সময় উল্লেখ করেন। তবে রায়ের পর চিৎকার-চ্যাঁচামেচি করে নিজেদের অসন্তোষ প্রকাশ করেন দণ্ডিতরা।
সর্বোচ্চ সাজাপ্রাপ্তরা হলেন- নায়েক সহকারী মঞ্জুর হোসেন, ল্যান্স নায়েক সিদ্দিকুর রহমান, সিপাহী গিয়াস উদ্দিন, সিপাহী শফিকুর রহমান, সিপাহী মহিবুর রহমান, সিপাহী মেহেদী হাসান, সিপাহী মেহেদী হাসান, সিপাহী এস এম সুমন আহমেদ, সিপাহী আব্দুল করিম, ল্যান্স নায়েক মো. জাকারিয়া, সিপাহী মনোয়ার হোসেন, ল্যান্স নায়েক নুরুজ্জামান ও সিপাহী মনির হোসেন।
ল্যান্স নায়েক জাহিদুল ইসলামের ছয় বছর এবং সিপাহী ওয়াহেদুজ্জামানের চার বছর সাজা হয়েছে।
তিন বছর সাজা হয়েছে ছয় জনের; তারা হলেন- সিপাহী আবু মো. নাজের চৌধুরী, সিপাহী বলাই চন্দ্র বিশ্বাস, সিপাহী আহসানুল আজম, সিপাহী মাসুদুল করিম, সিপাহী মোস্তাফিজুর রহমান ও সিপাহী কমল চন্দ্র রায়।
দুজনের হয়েছে দুই বছর সাজা; তারা হলেন- সিপাহী এনামুল কবির ও ল্যান্স নায়েক আকতারুজ্জামান।
পাঁচজনের ১ বছর ১ মাস করে সাজা হয়েছে; তারা হলেন- সিপাহী লুৎফর রহমান, সিপাহী ফারুক হোসেন, হাবিলদার রফিকুল ইসলাম, সিপাহী ফসিয়ার রহমান ও মোজাম্মেল হক।
সর্বনিু চার মাস সাজা হয়েছে সিপাহী মিজানুর রহমানের।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিকাল ৪টা ২০ মিনিটে আদালত বসে। সাংবাদিকরাও ছিলো আদালতে।
বিচার প্রক্রিয়া নিয়ে ১০ মিনিট কথা বলার পর সাড়ে ৪টার দিকে রায় পড়া শুরু করেন মেজর জেনারেল মইনুল। সব আসামির সাজার আদেশ আলাদাভাবে পড়েন তিনি। বিকাল ৫টায় শেষ হয় রায় পড়া। রায় পড়ার সময় কাঠগড়ায় দাঁড়ানো কয়েকজন আসামি কান্নায় ভেঙে পড়েন।
বিডিআর মহাপরিচালক বলেন, বিচারের সময় তিনটি বিষয়কে বিবেচনায় রাখা হয়। বাহিনীর নিজস্ব আইনকে সমুন্নত রাখা এবং রাষ্ট্রের সুরক্ষায় নিয়োজিত একটি সুশৃঙ্খল বহিনীর শৃঙ্খলা রক্ষার বিষয়টি যেমন বিবেচনায় রাখা হয়; তেমনি বিবেচনায় ছিলো দোষ স্বীকার করে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে আদালতের কার্যক্রম দ্রুত নিষ্পন্নের বিষয়টিও।
"দীর্ঘ প্রতীক্ষিত বলে এ রায়ের দিনটি উল্লেখযোগ্য হয়ে থাকবে", বলেন তিনি।
আদালতপ্রধান বলেন, বিদ্রোহ হয়েছিলো বলে সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে। তথ্য-প্রমাণের ভিত্তিতে এটাও প্রমাণ হয়েছে, অভিযুক্তরা বিদ্রোহে জড়িত ছিলেন।
বিচার কার্যক্রমে আসামিদের সব ধরনের আইনি সুবিধাপ্রাপ্তি নিশ্চিত করা হয় বলে জানান তিনি।
বিডিআরের এ আদালতে আসামিরা তাদের সহায়তার জন্য আইনজীবী নিয়োগের সুযোগ পান, ফ্রেন্ডস অফ একিউসড হিসেবে বিডিআর কর্মকর্তার কাছ থেকে পরামর্শ নেওয়ার সুযোগ ছিলো তাদের। তবে বিডিআর আইন অনুযায়ী, শুনানিতে তাদের অংশ নেওয়ার সুযোগ ছিলো না।
রায়ের পর আসামিদের কড়া পাহারায় প্রিজন ভ্যানে করে কারাগারে নেওয়া হয়। ওই সময় তারা চিৎকার করে বলতে থাকেন, তারা ন্যায়বিচার পাননি। সামরিক আদালতের মতো তাদের বিচার হয়েছে।
আদালতে বিচারক প্যানেলে বিডিআরপ্রধানের সঙ্গে আরো ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুর রহমান ও মেজর দীদার আল লতিফ।
আদালতকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। প্রসিকিউটরকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল ও মঞ্জুরুল আলম।
রায়ের প্রতিক্রিয়ায় মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, "বিচার যা হওয়া উচিত, তাই হয়েছে।"
বিচার প্রক্রিয়ায় সন্তুষ্ট কিনা-জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমি কেন, সারা জাতি সন্তুষ্ট হয়েছে।"
আদালতের প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল সেরাজুল হক সাংবাদিকদের বলেন, "ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তির রায় হওয়ায় ভবিষ্যতে বিদ্রোহের সাহস আর কারো হবে না।"
বিচারের সময়ক্রম
৩ ফেব্র"য়ারি : বাদি সুবেদার মেজর আমিরুল হক শেখ ২৯ বিডিআর সদস্যের বিরুদ্ধে বিশেষ আদালতে অভিযোগ দায়ের করেন ও আদালত তা গ্রহণ করে।
৪ ফেব্র"য়ারি : আদালতের নির্দেশে অভিযুক্তদের কাঠগড়ায় হাজির করা হয়। প্রসিকিউটর তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। বিচারক প্যানেলের সভাপতি অভিযুক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন। দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তাদের বিডিআর সদস্য বলে অভিহিত করেন তিনি।
৪ এপ্রিল : অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন এবং সাত জনের দোষ স্বীকার। এদিন মামলার বাদিসহ ২ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন। অভিযুক্তরা সাক্ষীদের জেরা করেন।
৫ এপ্রিল : আদালতে প্রদর্শিতভিডিও চিত্রে সনাক্ত করা হয় ১৮ জন অভিযুক্তকে। এদিন আরো ২৯ জনের সাক্ষ্য প্রদানের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। অভিযুক্তরা সাক্ষীদের জেরা করেন।
৬ এপ্রিল : আত্মপক্ষ সমর্থন করে অভিযুক্তদের বক্তব্য উপস্থাপন এবং প্রসিকিউটরের যুক্তিতর্ক উপস্থাপন হয়। তিনজন অভিযুক্ত যুক্তিখণ্ডন করে বক্তব্য দেন। তারপর ঠিক হয় রায় ঘোষণার দিন।
৭ এপ্রিল : রায়ে ২৯ জনেরই সাজার আদেশ হয়। এর মধ্যে সর্বোচ্চ সাজা হয় ১৩ জনের।
বিডিআর বিদ্রোহ মামলার প্রথম রায়ের বিচার কার্যক্রম দুই দফায় ৫ কার্যদিবসে ৯ দফা মুলতবি ঘোষণা করে শেষ হয় ১৮ ঘণ্টা ২৫ মিনিটে। এর মধ্যে প্রথম দফায় ২ কার্যদিবসে ২ ঘণ্টা ৩৫ মিনিট ও দ্বিতীয় দফায় ৩ কার্যদিবসে ১৫ ঘণ্টা ৫০ মিনিট আদালতের কার্যক্রম অব্যাহত চলে। রায় পড়তে বিচারক সময় নেন আরো আধা ঘণ্টা।
এ সময়ে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের ও অভিযোগ পড়ে শোনানো, অভিযোগ আমলে নেয়া, অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ, আসামীদের লিখিত বক্তব্য পাঠ, প্রসিকিউটরের (রাষ্ট্রপক্ষ) যুক্তিতর্ক উপস্থাপন ও আসামীপক্ষের যুক্তি খণ্ডন এবং শেষে বিচারের রায় ঘোষণার দিনক্ষণ ঘোষণা করা হয়।
সেদিন পঞ্চগড়ে যা ঘটেছিল
পিলখানায় বিদ্রোহের পরদিন ২৬ ফেব্র"য়ারি সকালে পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরের অভ্যন্তরে গোলযোগ শোনা যায় এরপরই গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
একদল জওয়ান সদর দপ্তর সংলগ্ন পঞ্চগড়-ঢাকা মহাসড়কে সশস্ত্র অবস্থান নিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। তাদের অনেকের মুখে লাল কাপড় বাঁধা ছিলো। তারা সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন।
বিদ্রোহী জওয়ানরা বলেন, পিলখানার বিদ্রোহে তাদের একাত্ম হওয়া যৌক্তিক।
বিদ্রোহ শুরুর কিছুক্ষণ পর তৎকালীন ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন (বর্তমানে মেজর) হাশিবুল হোসেন নবী সদরদপ্তর ছেড়ে যাওয়ার সময় তাকে অস্ত্র হাতে ধাওয়া করতেও দেখা যায় বিদ্রোহীদের।
তবে দুপুর ১২টার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। পরদিন সকালে জেলা প্রশাসকের কাছে জওয়ানরা অস্ত্র ও গোলাবারুদ জমা দেন।
সেদিনের ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে মেজর হাশিবুল হোসেন নবী সাংবাদিকদের বলেন, "সেই দুঃসহ স্মৃতির কথা কখনই ভুলতে পারবনা। যখনই মনে পড়ে, শিউরে উঠি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫০ ঘ.
bdnews24