২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহের প্রথম রায় বুধবার পঞ্চগড়ে

পঞ্চগড় ২৫ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে বিদ্রোহের মামলায় বুধবার রায় ঘোষণা করা হবে।(আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2010, 09:10 AM

Updated : 24 Aug 2022, 08:14 PM

পঞ্চগড়, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চগড় ২৫ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে বিদ্রোহের মামলায় বুধবার রায় ঘোষণা করা হবে। মঙ্গলবার দুপুরে আসামিদের বক্তব্য ও প্রসিকিউটরের যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য করেন বিচারক প্যানেলের প্রধান বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। বিকাল ৪টায় রায় দেওয়া হবে বলে তিনি জানান। বিডিআর বিদ্রোহের মামলায় প্রথম রায় হতে যাচ্ছে এটি। রাঙামাটি, সাতক্ষীরা ও ফেনীতে বিদ্রোহের মামলার রায় ঘোষণার তারিখও ইতোমধ্যে ধার্য করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় আদালতের কার্যক্রম শুরু হয়। এই দিন ২৯ আসামি তাদের মৌখিক ও লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এরপর প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল সেরাজুল হক যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিন আসামি তার যুক্তিখণ্ডন করে বক্তব্য দেন। বিচার শুরু হওয়ার আগে আসামিদের আদালতে হাজির করা হয়। প্রথম দফায় দোষ স্বীকার না করা ১৮ জন অভিযুক্ত তাদের লিখিত বক্তব্য পড়ে শোনান। আধা ঘণ্টা বিরতির পর সকাল ১১টায় আরো চারজন লিখিত বক্তব্য দেন। নিজেদের নির্দোষ দাবি করে তারা বলেন, তারা বিদ্রোহে অংশ নেননি। তারা আদালতের অনুকম্পা প্রার্থনা করে চাকুরিতে পুনর্বহালের আবেদন জানান। তারা বলেন, কারাগারে থাকায় তাদের পরিবারের সদস্যরা অনাহার অর্ধাহারে দিন কাটাচ্ছে। চাকুরি গেলে পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরতে হবে। এরপর দোষ স্বীকার করে সাতজন তাদের লিখিত বক্তব্য পড়ে শোনান। তারা 'কৃত অপকর্মের জন্য দুঃখিত, লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী' বলে আদালতের সহানুভুতি প্রার্থনা করেন। তারা বলেন, বিদ্রোহ সংগঠনের মাধ্যমে তারা এ বাহিনীর পিঠে ছুরি মেরেছেন। একটি সুশৃঙ্খল বাহিনীর সুনাম ধুলিস্যাৎ করেছেন। বিদ্রোহের সঙ্গে জড়িতদের পাশাপাশি এর পেছনে উস্কানিদাতাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। এ সময় তাদের বক্তব্য সমর্থন করে বিচারক প্যানেলের সভাপতি মেজর জেনারেল মইনুল ইসলাম বলেন, "জড়িতদের উপযুক্ত শাস্তি হবে। এরপর এ বাহিনীতে আর কেউ বিদ্রোহ করার সাহস পাবে না।" যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রসিকিউটর আদালতকে বলেন, অভিযুক্তদের প্রত্যেকের বিরুদ্ধে নানা অভিযোগের প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। সাক্ষীরাও সাক্ষ্য দিয়েছেন। এ সময় তিনি কর্মরত অবস্থায় অপরধা করায় আসামিদের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে বিভিন্ন শাস্তির উল্লেখ ও তথ্য প্রমাণ উপস্থাপন করেন। তাদের শাস্তি হিসেবে বিভিন্ন মেয়াদে অন্তরীণ, জ্যেষ্ঠতা হরণ, গার্ড ডিউটি ও ভর্ৎসনা করা হয় বলে তিনি জানান। প্রসিকিউটর আদালতকে আরো বলেন, পিলখানার বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের নৃশংসতা মানবসভ্যতায় বিরল। এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে অভিযুক্তরা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। তিনি আসামিদের বিরুদ্ধে সব অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে দাবি করে তাদের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেন। অভিযুক্ত লুৎফর রহমান, নাজের চৌধুরি ও মহিবুর রহমান প্রসিকিউটরের যুক্তিখণ্ডণ করে বক্তব্য রাখেন। রোববার এই মামলায় অভিযোগ গঠন করা হয়। অভিযুক্ত ২৯ বিডিআর সদস্যের মধ্যে সাতজন দোষ স্বীকার করেছেন। বিচারক প্যানেলে আরো ছিলেন- লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুর রহমান ও মেজর দীদার আল লতিফ। আদালতকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। প্রসিকিউটরকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজল ও মঞ্জুরুল আলম। এছাড়া একজন সেনা কর্মকর্তা ও তিনজন আইনজীবী কয়েকজন আসামির পক্ষে ফ্রেন্ডস অব দ্য একিউজড হিসেবে আদালতে উপস্থিত ছিলেন। গত ৩ ফেব্র"য়ারি পঞ্চগড়ের বিচার কাজ শুরু হয়। পরদিন বিচার কাজ শেষে রোববার (৪ এপ্রিল) পর্যন্ত মুলতবি করা হয়েছিল। ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্করে অবস্থিত ১৯ রাইফেলস ব্যাটালিয়নের বিদ্রোহের মামলায় রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে ১৮ এপ্রিল। এ মামলায় ৬২ বিডিআর জওয়ানকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ৫৮ জন দোষ স্বীকার করেছেন। রাঙামাটির রাজনগর ব্যাটালিয়নের নয় বিডিআর সদস্যের বিরুদ্ধে রায় দেওয়া হবে ২ মে। এছাড়া সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুরে অবস্থিত ৭ রাইফেলস ব্যাটালিয়নের ৬০ সদস্যের বিরুদ্ধে ১৯ এপ্রিল রায় দেওয়া হবে। গত বছরের ২৫ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। পরদিন সারাদেশের বিভিন্ন স্থানের মতো পঞ্চগড় ২৫ রাইফেলস ব্যাটালিয়ন সদরদপ্তরের কিছু সদস্য বিদ্রোহে একাত্মতা প্রকাশ করে। গত বছরের নভেম্বরে বিদ্রোহের বিচারে ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে সরকার। এসব আদালতে প্রায় সাড়ে তিন হাজার বিডিআর সদস্যের বিচার চলছে। বিদ্রোহের বিচার হবে বিডিআর আইন এবং হত্যা, ধর্ষণসহ অন্য ফৌজদারী অপরাধের বিচার হবে প্রচলিত আইনে। বিডিআর বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি সাত বছর কারাদণ্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/ডিডি/এমএসবি/১৯৫৭ ঘ.